ব্রুজোঁর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখে আরও শক্তিশালী দল গড়ার বার্তা ইমামির
eTV Bharat | ৩০ মে ২০২৬
কলকাতা, 29 মে: জোরালো হল আশা ৷ তবে একইসঙ্গে অনেক প্রশ্নের উত্তর বাকি রেখে বৃহস্পতিবার শেষ হল ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং ৷ আইএসএল জয়ের ঠিক এক সপ্তাহের মাথায় ইমামি হাউজে এদিন দু'পক্ষের বৈঠক চলল প্রায় আড়াই ঘণ্টা ৷ আর বৈঠক শেষে হাসি মুখগুলো স্বস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট ৷ অর্থাৎ, মরশুম শেষের আগে লগ্নিকারী সংস্থার সঙ্গে বিচ্ছেদের একটা জল্পনা চললেও বৃহস্পতিবারের বৈঠক শেষে একেবারে অন্য ছবি ৷ সেখানে আরও শক্তিশালী দল গঠনের বার্তা দিলেন ইমামি কর্তা আদিত্য আগরওয়াল ৷ তবে ধোঁয়াশা রয়ে গেল লাল-হলুদে অস্কার ব্রুজোঁর ভবিষ্যৎ নিয়ে ৷
ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সচিব রূপক সাহা, শীর্ষকর্তা দেবব্রত (নীতু) সরকার এবং সদানন্দ বন্দ্যোপাধ্য়ায় মিষ্টি নিয়ে বৈঠকে হাজির ছিলেন ৷ ইমামির পক্ষে বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন আদিত্য আগরওয়াল, মণীশ গোয়েঙ্কা এবং বিভাস আগরওয়াল ৷ ইস্টবেঙ্গলের প্রথম আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার রেশ এখনও রয়েছে ৷ এমন সময় লগ্নিকারী সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের অটুট বন্ধনের ছবি যথেষ্ট অর্থবহ ৷ বৈঠকের পর দেবব্রত সরকার বলেন, "এটা আমাদের আভ্যন্তরীন বৈঠক, যা সংবাদমাধ্যমের সামনে বলার মত নয় ৷ তবে দীর্ঘক্ষণ কথা হয়েছে ৷ সদর্থক আলোচনা হয়েছে ৷ দল আইএসএল জিতেছে ৷ তাই বোর্ডের সকলে মিলে আনন্দ করতেই এসেছিলাম ৷ আগামিদিনে দল কীভাবে ভালো করা যায় সে ব্যাপারে কথা হয়েছে ৷"
লাল-হলুদ কর্তাদের পাশে দাঁড়িয়ে ইমামি কর্ণধার আদিত্য আগরওয়াল জানিয়েছেন, "নীতুদা'রা অনেক মিষ্টি নিয়ে এসেছিলেন ৷ সেগুলো খেতে খেতেই সময় লেগে গেল ৷" সামনে এএফসি চ্যাম্পিয়ন্স-টু'য়ের কথা মাথায় রেখে দল কেমন হবে ? আদিত্য আগরওয়াল সংক্ষিপ্ত উত্তর, "ভালোই হবে দল ৷" কোচের বিষয়ে আদিত্য আগরওয়ালকে করা প্রশ্নের উত্তর টেনে দেবব্রত সরকার বলেন, "উনি (আদিত্য আগরওয়াল) তো বলেই দিলেন দল ভালো হবে ৷ ভালো দল হলে কোচ তো ভালো লাগবেই ৷" এই উত্তরই অস্কার ব্রুজোঁর ফের কোচ থেকে যাওয়া নিয়ে সংশয় তৈরি করল ৷ উল্লেখ্য, ব্রুজোঁ ভারত ছাড়ার আগে জানিয়েছিলেন, এই দেশের ফুটবলের ছবিটা স্পষ্ট না-হলে তিনি থাকবেন না ৷
এপ্রসঙ্গে আদিত্য আগরওয়ালের কথায়, "কথা তো চলবেই অনেকের সঙ্গে ৷ কথাবার্তা চালাতে হবে অনেকের সঙ্গে ৷ ইস্টবেঙ্গল ক্লাব বলে কথা ৷ তবে আইএসএল নিয়ে ছবিটা স্পষ্ট হওয়া দরকার ৷ সংবাদমাধ্যমও চাপ দিন স্বচ্ছ রোডম্য়াপ সামনে আনার জন্য ৷ তাহলে তাড়াতাড়ি ছবিটা পরিষ্কার হবে ৷" সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আমরা ভীষণ কৃতজ্ঞ যে সমর্থকরা আমাদের সঙ্গে থেকেছেন ৷ আশা করব তারা আমাদের সমর্থন জুগিয়ে যাবেন সবসময় ৷" ব্রুজোঁ'র ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে শেষবেলায় তিনি বলেন, "সব কৌশল তো খোলাখুলি বলা যায় না ৷ আপনারা সঠিক সময়ে সবকিছু জানতে পারবেন ৷"