• দুর্নীতি ও কাটমানি অভিযোগে বসিরহাটে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার
    eTV Bharat | ৩০ মে ২০২৬
  • বসিরহাট, 30 মে: রাজ্যে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক মহলে ব্যাপক রদবদল ঘটলেও স্থানীয় স্তরে দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ অব্যাহত ৷ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়া এবং এলাকার উন্নয়নমূলক কাজে আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার হলেন বসিরহাট পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস ৷ গত রাতে বসিরহাট থানার পুলিশ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ৷

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাসের বিরুদ্ধে গরিব মানুষদের সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠছিল ৷ উপভোক্তাদের একাংশের দাবি, ঘরের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পরেই মোটা অঙ্কের টাকা দাবি করতেন কাউন্সিলর। টাকা না-দিলে পরবর্তী কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকিও দেওয়া হত। পাশাপাশি ওয়ার্ডের রাস্তাঘাট নির্মাণ-সহ অন্যান্য পুর-উন্নয়নের কাজেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

    কাউন্সিলরের এই লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে গত দু'দিন আগে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ ৷ ক্ষুব্ধ বাসিন্দারা গোপাল দাসের বাড়ির সামনে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং তাঁকে অবিলম্বে গ্রেফতারির দাবি তোলেন ৷ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ উপভোক্তারা এই বিষয়ে বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন।

    অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে বসিরহাট থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদের পর, আর্থিক জলিয়াতি ও দুর্নীতির পর্যাপ্ত প্রমাণ মেলায় গতরাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ ধৃত কাউন্সিলরকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে ৷ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও দুর্নীতি ও সাধারণ মানুষের টাকা আত্মসাতের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    অন্যদিকে, তৃণমূল সরকারের আমলের আমফান ঘূর্ণিঝড়ের সরকারি ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে না-দিয়ে তা আত্মসাৎ করার এক চাঞ্চল্যকর দুর্নীতি সামনে এসেছে বসিরহাট 2 নম্বর ব্লকের শিকরা কুলিন গ্রাম পঞ্চায়েতের জাফরপুর গ্রামে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ তদন্তে নেমে ওই এলাকার তৃণমূল নেতাদের বাড়ি ও সংলগ্ন বাগানে তল্লাশি শুরু করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নাজমুন নাহার এবং তাঁর স্বামী, এলাকার দাপুটে নেতা সানিয়াস মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ উঠছিল। বিগত দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার ‘কাটমানি’ নেওয়া থেকে শুরু করে সরকারি সুযোগ-সুবিধা থেকে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করার একাধিক অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। এবার সরাসরি 2020 সালের মে মাসের আমফান ঝড়ের সরকারি ত্রাণ চুরির বিস্ফোরক তথ্য সামনে এল।
  • Link to this news (eTV Bharat)