• অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারত
    দৈনিক স্টেটসম্যান | ৩০ মে ২০২৬
  • এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে কঠিন গ্রুপে জায়গা পেল ভারত। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ে গ্রুপ ‘বি’-তে রয়েছে মহেশ গাওলির দল। গ্রুপপর্বে ভারতের প্রতিপক্ষ আয়োজক উজবেকিস্তান। এছাড়াও, গ্রুপ ‘বি’-তে ভারতের বাকি দুই প্রতিপক্ষ সিরিয়া এবং বাংলাদেশ। আগামী ২৫ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে রাউন্ড-রবিন ফরম্যাটে গ্রুপপর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এদিকে, এবার থেকে অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় প্রোমোশন এবং রেলিগেশন চালু করেছে এএফসি।

    এই প্রসঙ্গে বলা যায়, যোগ্যতা পর্বে ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দলের পাশাপাশি সাতটি সেরা রানার্স-আপ দলও মূলপর্বে জায়গা করে নেবে। অন্যদিকে, সবচেয়ে শেষদিকে থাকা ছ’টি চতুর্থ স্থানাধিকারী দল পরবর্তী সংস্করণের ডেভেলপমেন্ট পর্বে নেমে যাবে। দীর্ঘ কুড়ি বছর ফের একবার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে ভারত।

    শেষ বার ২০০৬ সালে আয়োজক হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তারা। তার আগে অবশ্য, ১৯৭৪ সালে ইরানের সঙ্গে যুগ্মভাবে এই খেতাব জিতেছিল ভারত। পরবর্তীকালে, ২০২৫ সালে গোল পার্থক্যের জন্য মূলপর্বে ওঠতে পারেনি তারা। এদিকে, টুর্নামেন্টের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে ভারত। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আয়োজক উজবেকিস্তান এবং শেষম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামবে মহেশ গাওলির দল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)