শিক্ষা, স্বচ্ছতা...! সব বিভাগেই ছক্কা হাঁকিয়ে ‘ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড’ পাচ্ছে ফ্রেজারগঞ্জ, গর্বে বুক ভরছে বাংলার
News18 বাংলা | ৩০ মে ২০২৬
: স্বচ্ছতা, জনস্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক প্রকল্পে উল্লেখ্যযোগ্য অবদান রাখায় ভারত সরকারের কাছ থেকে পুরষ্কার পাচ্ছে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড ২০২৫ এর জন্য মনোনীত হয়েছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের মূল্যায়নে উন্নয়নমূলক কাজের ভিত্তিতে এই স্বীকৃতি মিলেছে।
আগামী ৩ জুন দিল্লির ভারত মণ্ডপমে এই পুরস্কার প্রদান করা হবে। জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পরই এই জাতীয় সম্মানের জন্য নির্বাচিত হয়েছে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েত। বঙ্গোপসাগরের কোলে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের মধ্যেই পড়ে বকখালি।
উল্লেখ্য এই পঞ্চায়েতে শিক্ষার হার ৯০.৮৬%। পরিস্রুত পানীয় জল দেওয়ার লক্ষ্যে নলকূপ রয়েছে ৩০৩ টি। কমিউনিটি সেন্টার করা হয়েছে পাঁচটি। এছাড়া পঞ্চায়েতের নিজস্ব অর্থে স্লুইস গেট-সহ একাধিক কাজ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনেও অংশ নিয়েছে এই পঞ্চায়েত।
এই পঞ্চায়েত দীর্ঘদিন ধরে পঞ্চায়েত এলাকার মানুষজনের সমস্যা সমাধানের জন্য নিজেরাই প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়াও পর্যটন কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে আরও অন্যান্য কাজ সুষ্ঠভাবে পালন করেছে তারা। এ নিয়ে পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানা জানিয়েছেন, পুরস্কার পাওয়ার খবর তাঁরা জানতে পেরেছেন। ফলে খুবই খুশি তাঁরা। আগামী ৩ জুন ফ্রেজারগঞ্জের বাসিন্দাদের জন্য খুবই গর্বের দিন হতে চলেছে বলে জানিয়েছেন তিনি।
এই পুরষ্কার পাওয়ার পর আগামীদিনে আরও বেশি করে কাজ করতে চান তাঁরা। এলাকায় উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে মানুষজন আরও বেশি করে পরিষেবা পাক এটাই এখন চাইছেন তাঁরা।