ফর্ম ফিলাপ করলেই মিলবে মাসে ৩ হাজার টাকা! অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম নিয়ে মহিলাদের দুয়ারে বিধায়ক
News18 বাংলা | ৩০ মে ২০২৬
: রাজ্য সরকারের ঘোষিত অন্নপূর্ণা প্রকল্পকে সামনে রেখে জোরকদমে শুরু হয়েছে ফর্ম বিলির কাজ। আগামী ১ জুন মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা। তার আগেই সাধারণ মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় ফর্ম বিলি ও সচেতনতা কর্মসূচি শুরু করেছেন জনপ্রতিনিধিরা। মানিকচক বিধানসভা এলাকায় অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম নিয়ে রাস্তায় নেমেছেন বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডল।
তিনি জানান, “প্রথম পর্যায়ে মানিকচক বিধানসভা এলাকায় প্রায় তিন হাজার ফর্ম বিলি করা হচ্ছে। ধাপে ধাপে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে এই ফর্ম পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে, সেই বিষয়েও সচেতন করা হচ্ছে।”
অন্যদিকে, কালিয়াচক-২ ব্লকের সুকান্ত ভবনে অঙ্গনওয়ারি কর্মীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে অঙ্গনওয়ারি কর্মীদের হাতে অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম তুলে দেওয়ার পাশাপাশি প্রকল্পের নিয়মাবলি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে অঙ্গনওয়ারি কর্মীরাই আবেদনপত্র পূরণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এদিকে পুরাতন মালদহ ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিধায়ক গোপাল চন্দ্র সাহাও নিজ হাতে মহিলাদের মধ্যে অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম বিতরণ করেন। তিনি বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর অন্নপূর্ণা প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।”
জানা গিয়েছে, প্রকল্পের জন্য ১২ পাতার আবেদনপত্র পূরণ করতে হবে। বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদেরও নতুন করে এই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। ফলে আগামী কয়েক মাস ধরে জেলার বিভিন্ন প্রান্তে ফর্ম বিলি ও আবেদন গ্রহণের কাজ চলবে। অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় ইতিমধ্যেই জেলার বহু মহিলার মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা গিয়েছে।