চলন্ত ট্রেন থেকে ধাক্কা! মুর্শিদাবাদে ভয়ঙ্কর কাণ্ড, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি যুবক
News18 বাংলা | ৩০ মে ২০২৬
: ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ঘটনার জেরে আহত এক যুবক। ঘটনাটি ঘটেছে ভগবানগোলাতে। জানা গিয়েছে, সহ যাত্রীদের সঙ্গে বচসা। চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে যুবককে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার মহেশ নারায়ণগঞ্জ হালদারপাড়া এলাকার বাসিন্দা মজিবুর রহমান, তিনি গুরুতর আহত হলেন ট্রেন থেকে পড়ে গিয়ে। পরিবারের অভিযোগ, ভগবানগোলা দিক থেকে ট্রেনে করে লালগোলায় যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে কেউ বা কারা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। শুক্রবার রাতে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পায়ে ও মাথায় চোট লাগে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ৮টা ২৫ মিনিট নাগাদ পিডব্লিউডি রেলগেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। ট্রেন থেকে পড়ে যাওয়ার পর রেললাইনের ধারে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন মজিবুর রহমান। ছুটে আসেন স্থানীয়রা। দুর্ঘটনায় তার বাম পা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কেটে যায় বলে জানা গিয়েছে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
মজিবুরের দাদা এনামুল আলী জানিয়েছেন, দীর্ঘক্ষণ পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। এরপর তড়িঘড়ি তাকে ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
পরিবারের দাবি, ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এটি শুধুমাত্র দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। তার পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও আরপিএফ জানিয়েছে, আহত ব্যক্তির পরিবার মৌখিক ভাবে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি কেউ ফেলে দেয় তাও তদন্ত করে দেখা হবে। বর্তমানে চিকিৎসাধীন আছেন মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত ব্যক্তি বলেই জানা গিয়েছে।