তৃণমূলের করা মামলাতেই প্যাঁচে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী! ভোটের ফলপ্রকাশের পর থেকে বাড়িছাড়া পবিত্র কর
News18 বাংলা | ৩০ মে ২০২৬
তৃণমূলে যোগ দিয়েই নন্দীগ্রাম কেন্দ্রের টিকিট পেয়েছিলেন৷ শুভেন্দু অধিকারীকে হারানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি৷ শেষ পর্যন্ত অবশ্য নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে ৯৬৬৫ ভোটে হারতে হয়েছে তাঁকে৷ ভোটের ফল বেরনোর পর এবার নতুন ফ্যাসাদে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর৷
২০২০ সালে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু অধিকারী৷ তাঁর হাত ধরেই বিজেপি-তে যোগ দেন পবিত্র করও৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হন শুভেন্দু অধিকারী৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর নন্দীগ্রামে খুন হন তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না৷ সেই ঘটনাতেই পুলিশে অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে৷ তৃণমূলের দায়ের করা অভিযোগে নাম ছিল তৎকালীন বিজেপি নেতা পবিত্র করেরও৷
তৃণমূলের সেই অভিযোগের ভিত্তিতে পবিত্র করকে গ্রেফতার করে পুলিশ৷ ৮ মাস জেলও খাটতে হয় পবিত্র করকে৷ এর পর জামিনে মুক্ত হন তিনি৷
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশিত হয়৷ নন্দীগ্রাম কেন্দ্র থেকে পরাজিত হন পবিত্র কর৷ অন্যদিকে হাজিরা না দেওয়ার অভিযোগে তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্নার হত্যার মামলায় পবিত্র করের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হলদিয়া আদালত৷ এই ঘটনার কিছুদিন পর থেকেই বাড়িছাড়া পবিত্র৷
গত বেশ কিছু দিন ধরেই বাড়িছাড়া পবিত্র কর৷ ইতিমধ্যেই নন্দীগ্রাম কেন্দ্রের বিধায়ক হিসেবে পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী৷ ফলে নন্দীগ্রাম কেন্দ্রে উপনির্বাচন হবে৷ সূত্রের খবর, উপনির্বাচনেও ফের নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জন্য পবিত্র করকে প্রস্তাব দিয়েছিল তৃণমূল৷ যদিও সেই প্রস্তাবে তিনি রাজি হননি বলে নিজেই জানিয়েছিলেন পবিত্র কর৷ এমন কি, পরিবর্তিত পরিস্থিতিতে নন্দীগ্রামের বয়াল পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন পবিত্র কর৷ বয়ালের বাড়িতে গিয়েও দেখা পাওয়া যায়নি তাঁর৷