• দিল্লি বিমানবন্দরে দেশের প্রথম SkyCast সিস্টেম, কী সুবিধা হবে ফ্লাইটের ওঠানামায়?
    এই সময় | ৩০ মে ২০২৬
  • দেশের উড়ান চলাচল ব্যবস্থায় বড় প্রযুক্তিগত পদক্ষেপ করা হলো। শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGI Airport) দেশের প্রথম ‘SkyCast’ (স্কাইকাস্ট) আবহাওয়া পর্যবেক্ষণ এবং নাউকাস্টিং সিস্টেমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং।

    কর্তৃপক্ষের দাবি, এই উন্নত ওয়েদার ইনটেলিজেন্স ব্যবস্থা চালু হলে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট দেরি, বাতিল বা অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়ার ঘটনা কমবে। পাশাপাশি রানওয়ে থেকে টেক অফ এবং অবতরণের নিরাপত্তা আরও বাড়বে।

    SkyCast একটি সমন্বিত আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা। এটি রিমোট সেন্সিং প্রযুক্তি, অ্যাটমস্ফেরিক প্রোফাইলিং সিস্টেম এবং নাউকাস্টিং টুলকে একত্রিত করে। এর মাধ্যমে ফ্লাইট চলাচলে প্রভাব ফেলতে পারে এমন আবহাওয়ার পরিবর্তন রিয়েল-টাইমে নজরদারি করা হয়।

    তাপমাত্রা, আর্দ্রতা, জলীয় বাষ্পের ঘনত্ব, মেঘের জলীয় উপাদান, বাতাসের গতি ও দিক, উল্লম্ব বায়ুপ্রবাহ এবং ভূমির কাছাকাছি বায়ুর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে এই ব্যবস্থা।

    কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এ বিষয়ে বলেছেন, ‘এই সিস্টেম খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটের বিঘ্ন কমাতে সাহায্য করবে।’ তিনি আরও বলেন, ‘এই ব্যবস্থা প্রায় তিন ঘণ্টা আগেই পাইলট ও ফ্লাইট কর্মীদের সতর্কবার্তা দিতে পারবে। এর ফলে তারা অবতরণের সবচেয়ে নিরাপদ সময় নির্ধারণ করতে পারবেন। অপ্রয়োজনীয় ডাইভারশন, বাতিল এবং বিলম্বও এড়ানো সম্ভব হবে।’

    মন্ত্রী বলেছেন, ‘এটি কুয়াশা পর্যবেক্ষণ, টার্বুলেন্স শনাক্তকরণ এবং উচ্চ প্রভাব ফেলতে পারে এমন আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য একাধিক প্রযুক্তিকে একত্রিত করেছে। দিল্লির মতো শহরে দূষণের কণার সঙ্গে কুয়াশার মিশ্রণে দৃশ্যমানতা কমে যায়। সেই পরিস্থিতিতেও এই প্রযুক্তি কার্যকর হবে। বাতাস, আর্দ্রতা এবং তাপমাত্রার উল্লম্ব প্রোফাইল বিশ্লেষণ করে আরও নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।’  

    দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL)-এর সিইও বিদেহ কুমার জয়পুরিয়ার বলেন, ‘SkyCast দিল্লি বিমানবন্দরকে আরও নিরাপদ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে। আবহাওয়া খুব দ্রুত বদলে যেতে পারে। সেই সময়ে সঠিক এবং তাৎক্ষণিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থা আমাদের টিম, পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের দ্রুত ও আরও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।’   

    সংস্থার দাবি, এই ব্যবস্থা ICAO এবং FAA-র আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রানওয়ে-নির্দিষ্ট উইন্ড শিয়ার সতর্কবার্তাও দিতে পারে এটি। পাশাপাশি আবহাওয়াবিদ, এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং পাইলটদের কাছে প্রয়োজনীয় আবহাওয়ার তথ্য দ্রুত পৌঁছে দিতে সক্ষম।

    বিশ্বের ১৯তম দেশ হিসেবে ভারত এই ধরনের সমন্বিত বিমান চলাচল আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করল। জিতেন্দ্র সিং জানিয়েছেন, দিল্লির পর নয়ডার জেওয়ার বিমানবন্দর হবে দেশের দ্বিতীয় বিমানবন্দর যেখানে SkyCast সিস্টেম বসানো হবে।

  • Link to this news (এই সময়)