• ‘বাড়ি বাড়ি গিয়ে আমাদের লোক ফর্ম ফিলআপ করাবে...’, অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
    এই সময় | ৩০ মে ২০২৬
  • অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে সবার আগে ফিলআপ করতে হবে ১২ পাতার ফর্ম। নাম নথিভুক্তির জন্য এই ফর্ম নিয়ে নানা জনের নানা কথা শুনে মহিলাদের একাংশ খানিক বিভ্রান্ত। সেই প্রসঙ্গে শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে বলেন, ‘আপনারা কেউ বিচলিত হবেন না। বিভ্রান্ত হবেন না। যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, আমাদের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করতে সাহায্য করবেন।’

    এদিকে শনিবার থেকে কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে শুরু হয়ে গেল বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি। এ দিন বিধাননগর হাসপাতাল থেকে গোটা রাজ্যে এই কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও আশ্বাসবাণী শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করা শুরু করেছি আমরা। তার প্রথম পর্যায়ে বুধবার ৩ হাজার টাকা করে ট্রান্সফার করা শুরু করব। কেউ বিচলিত হবেন না।’ এখানেই শেষ নয়, অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত গুজবে কান দিতে বারণ করেন তিনি।

    এই সুদীর্ঘ ফর্মের কারণ ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী বলেন, ‘ প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। কিন্তু আমরা চাই না কোনও অ-ভারতীয়ের হাতে এই টাকা যাক। পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক, তা আমরা চাই না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে সকল পুরুষ পাচ্ছিলেন, তাঁরা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। এই সরকার স্বচ্ছতার সঙ্গে ডিসপ্লিন মেনে কাজ করবে। প্রকৃত প্রাপক যাঁরা, তাঁদের হাতে আমাদের সংকল্পপত্রের প্রতিটি প্রতিশ্রুতি পৌঁছে দেওয়া হবে।’ সংকল্পপত্রের প্রতিটি বাক্য, শব্দ পূরণ করবে এই সরকার, বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)