পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী সোমবার, ১ জুন তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও প্রাক্তন খাদ্যমন্ত্রীকে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি একবার হাজিরা দিলেও, বেশ কয়েকবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এই মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি।
২০২৩ সালের অক্টোবরে পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম বার রথীনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তাঁর বাড়িতে তল্লাশি হয়েছে। এর আগে পুরনিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য বেশ কয়েকবার সমন করা হয়েছিল। মোট ৫ বার সমন এড়ানোর পর অবশেষে গত ১৫ মে তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেন। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পুনরায় তাঁকে তলব করা হলেও, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মে মাসের শেষের দিকে ইডি-র হাজিরা এড়িয়ে যান তিনি।
২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। ইডির দাবি ২০১৪ থেকে ২০১৮ সাল নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। অয়ন শীলের সঙ্গে কথোপকথন থেকে একাধিক তথ্য ইডির হাতে ইতিমধ্যে এসেছে। সেই সমস্ত বিষয়েই অয়ন শীল ও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসা বাদ করে জানতে পারে বলে খবর। কীভাবে লেনদেন হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে প্রাক্তন মন্ত্রীকে। তার জন্যই বারবার তলব করা হচ্ছে। কিন্তু তিনি একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। এর ফলে ফের তাঁকে আগামী সোমবার তলব করা হয়েছে বলে জানিয়েছে ইডি।
গত ১১ মে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। ওই দিন প্রায় সাড়ে ১০ ঘণ্টা জেরা করার পরে গ্রেপ্তার হয়েছিল সুজিতকে। ইডি সূত্রে খবর, বয়ানে একাধিক অসঙ্গতি এবং তদন্তে অসহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।