হাতে আর দু'দিন! কলেজে স্নাতকে ভর্তির আবেদন কী ভাবে?
আজকাল | ৩০ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন বোর্ডের দ্বাদশের পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত। এর পর রাজ্যের বিভিন্ন কলেজে স্নাতকের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিগত বছরগুলির মতো রাজ্যের কলেজগুলিতে এ বছরও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে পড়ুয়াদের। ভর্তির আবেদন জানানোর জন্য হাতে রয়েছে আর দু'দিন।
গত ১৮ মে থেকে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের ভর্তির আবেদন জমা নেওয়া হয়। চলতি বছরে রাজ্যের ৪৬০টি সরকার এবং সরকার পোষিত কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন জানাতে পারেন পড়ুয়ারা। আগ্রহীরা https://banglaruchchashiksha.wb.gov.in, https://wbsche.wb.gov.in অথবা https://wbcap.in গিয়েও আবেদন করতে পারবেন।
উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর একজন পড়ুয়া একটি বা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাধিক ২৫টি বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারেন। এ জন্য কোনও বরাদ্দ ফি নেই। দেশের যে কোনও রাজ্যের পড়ুয়াই আবেদন জানাতে পারবেন। যে কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। । স্নাতকে ভর্তির মেধাতালিকার জন্য 'বেস্ট অফ ফোর' পদ্ধতি মেনে চলা হবে। এতে একাধিক পড়ুয়ার নম্বর এক হলে আরও একটি 'টাইব্রেকার রুল'ও থাকবে।
পোর্টাল থেকেই কোন কলেজে কোন বিষয় রয়েছে বা কত সংখ্যক আসনে ভর্তি নেওয়া হবে, তা জানা যাবে। কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি যাওয়ার কোনও প্রয়োজন নেই। পড়ুয়াদের কাছে এসএমএস এবং ই-মেল মারফত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। ভর্তির সময়ে শুধুমাত্র এই পোর্টালের মাধ্যমেই টাকা জমা করা যাবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
আগামী ১ জুন শেষ হবে আবেদন প্রক্রিয়া। ৯ জুন কলেজ এবং বিষয় ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে। আসনসংখ্যার ভিত্তিতে চলবে ভর্তি প্রক্রিয়াও। ২০ থেকে ২৩ জুন পর্যন্ত বরাদ্দ আসনের আপগ্রেড রাউন্ডের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলবে। ২৭ জুন থেকে ৪ জুলাই নথি যাচাইয়ের জন্য ভর্তি হওয়া পড়ুয়াদের যেতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে। ক্লাস শুরু হবে ৬ জুলাই থেকে।
প্রথম রাউন্ডের ভর্তি প্রক্রিয়া শেষে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের মপ-আপ রাউন্ড। ৭ জুলাই মপ আপ রাউন্ড শুরু হওয়ার পর প্রকাশ করা হবে শূন্য আসনের তালিকা। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ জুলাই পর্যন্ত। ১৯ জুলাই থেকে কলেজ ভিত্তিক মেধাতালিকা প্রকাশিত হবে। ২২ জুলাই পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। আবার ২৬ জুলাই ফের আপগ্রেড রাউন্ডের বরাদ্দ আসনের তালিকা প্রকাশিত হবে। ২৬ থেকে ২৯ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। কলেজে নথি যাচাই করা হবে অগস্টের ২ থেকে ৫ পর্যন্ত।