• নিউটাউনে স্বচ্ছ অ্যাপের সূচনা করলেন শুভেন্দু
    আজকাল | ৩০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের পুর এলাকাগুলোকে আরও পরিচ্ছন্ন ও নাগরিক-বান্ধব করে তুলতে এক অভিনভ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। নগরোন্নয়ন, পৌরবিষয়ক এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হল ‘স্বচ্ছ’ (Swachha Grievance Redressal) মোবাইল অ্যাপ্লিকেশন। সম্প্রতি কলকাতার একটি বিশেষ অনুষ্ঠানে এই ডিজিটাল পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর।

    উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের সুবিধার্থে এই অ্যাপের কার্যপদ্ধতি সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়। এবার থেকে কোনও নাগরিক যদি তাঁর এলাকায় বা রাস্তায় কোনও আবর্জনার স্তূপ, ড্রেন উপচে পড়া কিংবা পরিচ্ছন্নতা জনিত কোনও  সমস্যা দেখতে পান, তবে তিনি সরাসরি এই অ্যাপের সাহায্য নিতে পারবেন। নাগরিকদের শুধু অ্যাপটি খুলে সেই নোংরা জায়গার একটি ছবি তুলতে হবে। অ্যাপটির বিশেষত্ব হল, এতে থাকা জিপিএস বা জিও-ট্যাগিং প্রযুক্তির মাধ্যমে সমস্যাটি ঠিক কোন এলাকার, তা স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত হয়ে যাবে, ছবি তুলে অ্যাপে আপলোড করলেই অভিযোগটি সরাসরি পৌঁছে যাবে সংশ্লিষ্ট পুরসভার স্যানিটারি ইন্সপেক্টরের ড্যাশবোর্ডে, এরপর পুরসভার পক্ষ থেকে দ্রুত সেখানে সাফাই কর্মী পাঠিয়ে জায়গাটি পরিষ্কার করা হবে। কাজ শেষ হওয়ার পর, পরিচ্ছন্ন জায়গার আরেকটি ছবি (Before & After) তুলে অ্যাপের মাধ্যমে অভিযোগকারী নাগরিককে 'টাস্ক কমপ্লিট' বা কাজ সম্পন্ন হওয়ার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে জানান, পশ্চিমবঙ্গের ১২০টিরও বেশি আরবান লোকাল বডিস (ULB) বা নগরোন্নয়ন সংস্থায় ধাপে ধাপে এই 'স্বচ্ছতা' অ্যাপের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তবে প্রথম পর্যায়ে রাজ্যের ১০টি নির্দিষ্ট পৌরসভা ও কর্পোরেশন এই ডিজিটাল ব্যবস্থার সুবিধা পাবে। এই তালিকায় রয়েছে— আসানসোল ও দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন; এবং বসিরহাট, পূজালী, তুফানগঞ্জ, কাঁথি, কৃষ্ণনগর, নলহাটি, বৈদ্যবাটি ও মধ্যমগ্রাম মিউনিসিপ্যালটি।

    অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর পশ্চিমবঙ্গের এই উদ্যোগের প্রশংসা করেন এবং স্বচ্ছ ভারত মিশনের গুরুত্ব মনে করিয়ে দেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্র ও সামগ্রিক পুর-পরিকাঠামোকে ঢেলে সাজাতে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি দল একসঙ্গে কাজ করছে। খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত সমস্ত ম্যাপিং প্ল্যান ও ডিপিআর (DPR) তৈরি করে দিল্লিতে পাঠানো হবে। ডিজিটাল এই অ্যাপ চালুর ফলে সাধারণ মানুষ ঘরে বসেই সরাসরি পুরসভার কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন, যা রাজ্যের শহরগুলোকে আরও নির্মল ও সুন্দর করে তুলবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।
  • Link to this news (আজকাল)