বাড়িতে ৩টে ঘর থাকলে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা মিলবে না? জানুন ফর্মে কী আছে
আজ তক | ৩০ মে ২০২৬
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই মিলছে। ফর্ম ফিলআপ করে জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ২ জুনের মধ্যে ফর্ম ফিলআপ করে জমা দিতে পারলে ৩ জুন থেকেই ৩ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। ফর্মে যে তথ্যগুলি দিতে বলা হয়েছে তা নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। অনেকে বলছেন পাকা বাড়িতে ৩টে ঘর থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না, পারিবারিক জমি থাকলে মিলবে না সহ অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে ফর্ম অনুযায়ী সত্যিটা কী জেনে নিন।
বাড়িতে ৩টে পাকা ঘর থাকলে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?
অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্মে যে তথ্যগুলি দিতে বলা হয়েছে তার মধ্যে একটি পাকা বাড়িতে ৩টে ঘর আছে কিনা। এই গুরুত্বপূর্ণ কলামে সরকারকে তথ্য দিতে হবে আবেদনকারী পাকা বাড়ি, কাঁচা বাড়ি, নাকি আবাস প্রকল্পের বাড়িতে। বাড়ির ধরনে ৩ বা তার বেশি পাশাপাশি আছে কিনা জানাতে হবে। এবার প্রশ্ন হল বাড়িতে যদি ৩টে পাকা ঘর থেকে থাকে তাহলে কি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পাবেন না? তবে জেনে রাখুন, ফর্মে বা কোথাও এমন বলা নেই যে ৩টে পাকা ঘর থাকলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। সরকারকে তথ্যটি শুধুমাত্র জানিয়ে রাখতে হবে।
এছাড়াও, নির্দেশনার কলামে সেই নথিই জমা দিতে হবে যাতে (জমা দিন) বলে লেখা থাকবে। যেখানে লেখা থাকবে না সেখানে কোনও নথি জমা দেওয়া বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে শুধু 'হ্যাঁ' বা 'না' অপশনে টিক মার্ক দিন।
পারিবারিক জমি থাকলে আবেদনকারী সেই বাড়ির মালিকানা আছে কিনা তা জানাতে হবে। রেজিস্ট্রেশন, মিউটেশন, RoR আপ-টু-ডেট রয়েছে কিনা তাতে টিক মার্ক করতে হবে। এখানেও কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই।
পারিবারিক গাড়ি থাকলেও তা উল্লেখ করতে হবে।
তাহলে কোন কোন ডকুমেন্ট লাগবে?
১) অন্নপূর্ণা যোজনার ফর্মের সঙ্গে প্রত্যেকের আধার কার্ড নম্বর দিতে হবে। তবে ৫ বছরের নীচে কেউ থাকলে, তার আধার কার্ড নম্বর দিতে হবে না।
২) জমা দিতে হবে ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য। এছাড়া প্যান কার্ড, রেশন কার্ড সম্পর্কিত তথ্যও ওই আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
৩) পরিবারের প্রধান-সহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।
৪) অন্নপূর্ণা যোজনার ফর্মে উল্লেখ করতে হবে আপনি কিংবা আপনার পরিবারের প্রত্যেক সদস্যের যানবাহন সংক্রান্ত তথ্য।
৫) পরিবারের কারও কোনও স্বাস্থ্য়বিমা থাকলে, তাও উল্লেখ করতে হবে।
৬) পরিবারে কোনও ছোট সদস্য থাকলে তার টিকাকরণ সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে।
৭) এছাড়া বাড়ির পড়ুয়া সদস্য সরকারি নাকি বেসরকারি, কোন স্কুলে পড়ে, তাও জানাতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে। সেই সঙ্গে পারিবারিক বার্ষিক আয়ও উল্লেখ করতে হবে।
৮) কোনও সরকারি পরিষেবার সরাসরি আর্থিক সুবিধা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, তাও উল্লেখ করতে হবে। অর্থাৎ উক্ত পরিবার কিষাণ শিক্ষার্থী ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদির মতো কোনও সরকারি সুবিধা পান কিনা, তাও জানাতে হবে।
৯) CAA-তে আবেদন করে থাকলে সেই সংক্রান্ত ২টি পাতা আছে ফর্মে। যারা CAA-তে আবেদন করেননি তাদের এই পাতাটি ফিলআপ করতে হবে না।
১০) বাড়িতে কোনও সদস্য কোনও সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন/ বর্তমান ধারক থাকলে তাদের সহায়ক নথি জমা দিতে হবে।