• সবং-এ মানস ভুঁইয়ার বিরুদ্ধে চাষের জমি জোর করে ভেড়ি বানানোর অভিযোগ
    দৈনিক স্টেটসম্যান | ৩০ মে ২০২৬
  • রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভুঁইয়ার মদতে কৃষি জমি দখল করে মাছের ভেড়ি করে দখল করার অভিযোগ উঠেছে।  অভিযোগ, ২১২ একর জমির মধ্যে ১৪৩  একর জমি মাছের ভেড়ি করা হয়েছে। বাকি জমি এক ভেড়ি থেকে আরেক ভেড়িতে যাওয়ার জন্য ব্যবহার করা হয় বলে খবর। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া।

    নিজেকে ভূস্বামী পরিবারের অংশীদার হিসেবে তুলে ধরে বলেন, তাঁদের কয়েকশো একর জমি বেদখল হয়ে গিয়েছে। সাধারণ মানুষকে দান করেছেন। তাঁর প্রশ্ন, কেন এভাবে সাধারণ মানুষের কৃষি জমি ভেড়ি করবেন? সমস্ত অভিযোগ মিথ্যে বলে জানান তিনি। তাঁর দাবি, ১০৫৫ জন ইচ্ছুক কৃষক স্বেচ্ছায় তাঁদের জমিতে ভেড়ি করেছেন। বাকি ৫৫ জন করেননি।

    স্থানীয় বিজেপি বিধায়ক অমল পাণ্ডা বলেন, সব দুর্নীতির তদন্ত হবে। আগে শাসকের আইন ছিল। এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সরকার বদলাতেই  দখলীকৃত কৃষি জমি ফেরতের আশায় কাঁথির শান্তিকুঞ্জে হাজির জমির মালিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার রামভদ্রপুর গ্রামের শতাধিক কৃষকের চাষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করা হয় বলে অভিযোগ।

    কৃষকদের অভিযোগ ২০২১ সাল থেকে  এই জমি ফেরত চাইলে তাদের থানায় ডেকে হুমকি, সাদা কাগজে সই করিয়ে নেওয়া, মিথ্যা মামলা দেওয়া হত। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোট দখলকৃত জমি ফেরতের নির্দেশ দেয়। তাতে কোনও লাভ হয়নি। স্থানীয় প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি অভিযোগ স্থানীয়দের। এরপরই সরকার বদলাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানাতে তাঁর বাড়িতে হাজির সবং-এর কৃষকরা।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)