• ‘অপারেশন সিঁদুর ২.০-র জন্য প্রস্তুত হচ্ছে ভারত’, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধানের!
    প্রতিদিন | ৩০ মে ২০২৬
  • পাকিস্তানকে ফের কড়া হুঁশিয়ারি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। জানিয়ে দিলেন, ‘অপারেশন সিঁদুর ২.০’-র (Operation Sindoor 2) জন্য প্রস্তুত হচ্ছে ভারত। ক’দিন আগেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত বিরোধী কার্যকলাপে লাগাম না টানলে, চরম ফল ভুগতে হবে পাকিস্তানকে। এবার ফের ইসলামাবাদকে কড়া বার্তা সেনাপ্রধানের।

    সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”অপারেশন সিঁদুর এখনও চলছে।” তবে বর্তমান পরিস্থিতিকে ‘শত্রুতার সাময়িক অবসান’ বলেও উল্লেখ করেছেন তিনি। পাকিস্তানের নাম সরাসরি নেননি তিনি। বলেছেন, ”ভারতীয় সেনা ও তিনটি শাখাতেই অপারেশন ২.০-র প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে আমরা আমাদের পারস্পরিক সমন্বয় জোরদার করার দিকটা বিবেচনা করছি। পরবর্তী সংঘর্ষের জন্য নিজেদের প্রস্তুত করে চলেছে ২৪x৭।” সেই সঙ্গেই তিনি আরও বলেন, ”রণক্ষেত্র এতটাই স্বচ্ছ যে প্রতিটি গতিবিধি অপরপক্ষের জানা। তাই আমাদের সেনা মোতায়েন, ব্যবহার এবং সীমান্ত এলাকার অসামরিক নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে।”

    ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি। ৮৮ ঘণ্টার অপারেশনে দুরমুশ হয়ে গিয়েছিল সন্ত্রাসের আঁতুড়ঘর। ফের তেমন কোনও হামলার পুনরাবৃত্তি করার সাহসও যদি দেখায় পাকিস্তান, তাহলে তার ফল যে কতখানি মারাত্মক হতে চলেছে তা স্মরণ করিয়ে এদিন হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান।
  • Link to this news (প্রতিদিন)