লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নিয়ে প্রতারণা চক্র মুর্শিদাবাদে? একটি বা দু’টি নয়, যুবকের ৭টি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান পাওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। তারিকুলর রহমানের নামে এক যুবকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেত বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত তারিকুল রহমান মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের জোতকমল গ্রাম পঞ্চায়েতের ওসমানপুরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ৭টি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পেতেন তিনি। অভিযোগ, মহিলাদের নাম দিয়ে ফর্ম পূরণ করে, নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন তারিকুল। যুবক হয়েও এই প্রকল্পের অনুদান পাওয়ার অভিযোগে আগেই গ্রেপ্তার মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে এই তারিকুলের নাম উঠে আসে। তরপরই তাঁকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় মুখ খুলতে চাননি অভিযুক্ত তারিকুল।
উল্লেখ্য, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর থেকে রিষড়া বিভিন্ন জেলা থেকে পুরুষ হওয়ার পরও শুধুমাত্র মহিলাদের জন্য চালু প্রকল্পে পুরুষরা টাকা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে তাহলে কি মুর্শিদাবাদ জুড়ে কোনও চক্র গজিয়ে উঠেছিল? আরও প্রশ্ন সমস্ত অ্যাকাউন্ট খতিয়ে দেখার দায়িত্ব ছিল স্থানীয় ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপর। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে? সেই আধিকারিকদের মদতেই এই অসাধু চক্র গজিয়ে উঠেছিল! এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।