অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে মহিলাদের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে! দীর্ঘ ১৩ পাতার ফর্ম কীভাবে পূরণ করবেন তা নিয়ে সন্দিহান অনেকে। আজ, শনিবার সকলকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা ফর্ম ফিলআপে সাহায্য করবেন বলে জানালেন তিনি। শনিবার সরকারি অনুষ্ঠান থেকে তিনি বলেন, “বিন্দুমাত্র বিচলিত হবেন না। আমাদের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করতে সাহায্য করবেন। আমরা চাই প্রকৃত প্রাপকরাই যেন সাহায্য পান।”
এর আগে নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পল, মন্ত্রী দিলীপ ঘোষ থেকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা জানিয়েছিলেন ফর্ম সরলীকরণ করা হবে। আজ, শনিবার বিধাননগর হাসপাতালে সার্ভাইক্যাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করলেন মহিলাদের। প্রকৃত প্রাপকরা টাকা পাবেন বলে জানিয়ে তিনি বলেন, “বিচলিত হওয়ার দরকার নেই। আমাদের লোক বাড়ি গিয়ে সাহায্য করবে। আপনাদের সরকার নিয়ম মেনে সমস্ত কাজ করবে। সংকল্পপত্রের প্রতিটি বাক্য, শব্দ পূরণ করবে এই সরকার।”
উল্লেখ্য, বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার ফর্ম সামনে আনেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল ও আধিকারিকরা। তারপর থেকেই ১৩ পাতার এই ফর্ম নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। সেই দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ফর্ম পূরণে সরকারি সহায়তা মিলবে। আজ, শনিবার মহিলাদের আশ্বস্ত করে জানিয়েছেন বিচলিত হবেন না। অন্যদিকে যাঁরা ফর্ম পূরণ করে জমা দিচ্ছেন, ২ জুন মন্ত্রিসভার বৈঠকের পর তাঁদের ৩ হাজার টাকা অনুদান দেওয়া শুরু হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।