ফাঁসিদেওয়ার জঙ্গলে অজ্ঞাতপরিচয় ব্যক্তির নিথর দেহ উদ্ধার! ব্যাপক চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ
News18 বাংলা | ৩০ মে ২০২৬
: ফাঁসিদেওয়া ব্লকের জ্যোতিনগর এলাকায় জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে শান্তিরাম পুকুর সংলগ্ন জঙ্গলে দেহটি দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। তাঁরা মাঠে কাজ করতে যাওয়ার সময় জঙ্গলের ভিতরে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন তিনি মৃত। এরপরই খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের পরিবেশ তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি ফাঁসিদেওয়া থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর দেহটি প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তিকে আগে কখনও এলাকায় দেখা যায়নি। ফলে তিনি বাইরের কেউ হতে পারেন বলে অনুমান করা হচ্ছে। তবে কীভাবে তিনি ওই জঙ্গলে পৌঁছলেন কিংবা তাঁর মৃত্যুর পেছনে কোনও অস্বাভাবিক কারণ রয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।
তদন্তকারীরা ঘটনাটির সমস্ত দিক খতিয়ে দেখছেন। আশপাশের এলাকার নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পাশাপাশি মৃত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তার নাম পরিচয় জানার জন্য ইতিমধ্যেই খোঁজ চালু করা হয়েছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ব্যক্তির পরিচয় পত্র পাওয়া যাবে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ইতিমধ্যেই এই সম্পূর্ণ বিষয় নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।