• বাইসনের পর এবার গ্রামে জোড়া দাঁতালের তাণ্ডব, বাইরে বেরিয়ে ভয়ে সিঁটিয়ে গেল সবাই
    News18 বাংলা | ৩০ মে ২০২৬
  • ঘুম ভাঙতেই চোখের সামনে এমন দৃশ্য, হতবাক সকলে! ভোর হতেই অদ্ভুত শব্দে ঘুম ভাঙল। বাইরে বেরিয়েই চমকে উঠল গ্রাম। ভয়ে সিঁটিয়ে গোটা এলাকা। বাইসনের পর এবার জোড়া হাতির তাণ্ডব। ঘুম ভাঙতেই থমথমে গ্রাম। বাইসনের পর এবার জোড়া হাতির তাণ্ডবে কেঁপে উঠল ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি এলাকা।

    গভীর রাতে পাশ্ববর্তী সোনাখালী জঙ্গল থেকে দুটি বুনো হাতি বেরিয়ে এসে লোকালয়ে ঢুকে পড়ে। খাবারের খোঁজে এই হাতিরা রাতভর ক্লাব পাড়া এলাকায় দাপিয়ে বেড়ায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গিলান্ডি নদী পেরিয়ে হাতি দুটি গ্রামে প্রবেশ করে। রাতের অন্ধকারে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলেও ভোর হয়ে যাওয়ায় আর জঙ্গলে ফিরে যেতে পারেনি। ফলে দিনের আলোতেই তারা কাছাকাছি ঘন জঙ্গলে আশ্রয় নেয়।

    সকালে হঠাৎ হাতির গর্জন শুনে ঘুম ভাঙে গ্রামবাসীদের। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা ও সোনাখালী বিটের কর্মীরা। পাশাপাশি ধূপগুড়ি থানার পুলিশও মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, হাতি দুটি সোনাখালী জঙ্গল থেকেই লোকালয়ে ঢুকেছে।

    তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। সন্ধ্যার পর বিশেষ অভিযান চালিয়ে হাতিগুলিকে আবার জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে খাবারের সন্ধানে বুনো প্রাণীদের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা বাড়ছে। ফলে ক্রমেই বাড়ছে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের আশঙ্কা। তবে বন দফতরের নজরদারির পাশাপাশি জঙ্গল লাগোয়া বাসিন্দাদের ও সতর্ক থাকতে বলা হয়েছে বন দফতরের তরফে।
  • Link to this news (News18 বাংলা)