কীটনাশক ছাড়া ফসল বাঁচানোর নতুন ফর্মুলা কৃষকদের হাতে, পোকা এলে পালানোর পথ পাবে না
News18 বাংলা | ৩০ মে ২০২৬
রাসায়নিক ছাড়াই পোকা নিয়ন্ত্রণে কৃষকদের ভরসা ফেরোমন ফাঁদ। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় সবজি চাষে এখন জনপ্রিয় হয়ে উঠছে ফেরোমন ফাঁদ। ক্ষেতের মধ্যে ঝুলিয়ে রাখা বিশেষ ধরনের এই ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকামাকড়কে আকৃষ্ট করে ধরে ফেলা হচ্ছে, ফলে ফসলের ক্ষতি অনেকটাই কমছে।
বাজারে এসেছে এক ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি, যেখানে কোনও রাসায়নিক কীটনাশক ব্যবহার না করেই পোকা দমন করা সম্ভব হচ্ছে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া, স্বরূপনগর, বেড়াচাঁপা-সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের মধ্যে এই পদ্ধতি ব্যাপক সাড়া ফেলেছে। চাষিরা জানান, লাউ, কুমড়ো, ঝিঙে, শসা, উচ্ছে-সহ বিভিন্ন লতানো সবজি চাষে ফলছিদ্রকারী ও অন্যান্য ক্ষতিকর পোকা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যা মোকাবিলায় ফেরোমন লিউর ব্যবহার করে বিশেষ প্লাস্টিকের ফাঁদ ক্ষেতের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়।
ফাঁদের ভেতরে থাকা বিশেষ গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ পোকা ফাঁদের মধ্যে ঢুকে পড়ে এবং আর বের হতে পারে না। ফলে পোকামাকড়ের বংশবিস্তার উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ফসলের ক্ষতি রোধ করা সম্ভব হয়। এতে রাসায়নিক কীটনাশকের ব্যবহারও অনেকাংশে কমে যাচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, ফেরোমন ফাঁদ একটি নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি।
এর মাধ্যমে জমিতে উপকারী পোকামাকড়ের ক্ষতি হয় না এবং কীটনাশকের অবশিষ্টাংশ থেকেও ফসল মুক্ত থাকে। ফলে উৎপাদিত সবজির গুণগত মান উন্নত হয় এবং বাজারে চাহিদাও বাড়ে। চাষিদের দাবি, ফেরোমন ফাঁদ ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, খরচ কমছে এবং লাভের পরিমাণও বাড়ছে। আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার অংশ হিসেবে এই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। ভবিষ্যতে আরও বেশি কৃষক এই পদ্ধতির দিকে ঝুঁকবেন বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।