• সোনারপুরে অভিষেককে ঘিরে ধরে টানাহ্যাঁচড়া, 'চোর চোর' স্লোগান! ছোড়া হল ইট-জুতো- ডিম, ছিঁড়ল জামা, মাথা বাঁচাতে পরতে হল হেলমেট
    News18 বাংলা | ৩০ মে ২০২৬
  • সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মোটরসাইকেলে সওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে চোর, চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা৷ অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় ইট, জুতো, ডিম৷ কোনওমতে অভিষেককে উদ্ধার করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ৷ ডিম, জুতো থেকে বাঁচাতে অভিষেককে হেলমেটও পরিয়ে দেওয়া হয়৷

    রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এ দিনই প্রথম প্রকাশ্য কর্মসূচিতে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান অভিষেক৷

    প্রথম কামালগাজি মোড়ের কাছে অভিষেকের গাড়ি থামতেই তাঁকে কালো পতাকা দেখিয়ে চোর চোর স্লোগান দেওয়া হয়৷ এর পর সোনারপুরে দলীয় কর্মীদের বাড়িতে পৌঁছতে গাড়ি থেকে নেমে এক দলীয় কর্মীর মোটরসাইকেলে ওঠেন অভিষেক৷

    মোটরসাইকেল কিছুটা এগোতেই অভিষেককে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা৷ পরিস্থিতি এমন হয় .যে ভিড় ঠেলে এগোতেও পারছিল না মোটরসাইকেল৷ কোনওরকমে অভিষেককে নিয়ে মোটরসাইকেল বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী এবং পুলিশকর্মীরা৷ কিন্তু ভিড় ঠেলে মোটরসাইকেল এগোতে পারেনি৷

    তখন অভিষেককে ঘিরে ধরে কার্যত টানাহ্যাঁচড়া শুরু হয়৷ তৃণমূল শীর্ষ নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-ডিম-জুতো৷ ধস্তাধস্তিতে অভিষেকের জামাও ছিঁড়ে যায়৷ অভিষেকের মাথা বাঁচাতে কোনওমতে একটি হেলমেট পরিয়ে দেওয়া হয়৷ অভিষেকের অবশ্য দাবি, পুলিশ নয় দলীয় কর্মীরাই তাঁকে হেলমেট পরিয়ে রক্ষা করেছেন৷

    এর পরেও অবশ্য কোনওমতে নিহত দলীয় কর্মীর বাড়ি পর্যন্ত পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি অভিযোগ করেন, ‘ঘটনাস্থলে কোনও পুলিশকর্মী ছিল না৷ অভিষেক বলেন, আমার চশমা ভেঙে দিয়েছে৷ একজন পুলিশকর্মী, প্রশাসনের কেউ ছিলেন না৷ দলীয় কর্মীরা আমাকে হেলমেট পরিয়ে দিয়েছে বলে বেঁচে গিয়েছি৷ আমি হাইকোর্টে যাবো৷’ ঘটনাস্থল থেকেই পুলিশ সুপারকে ফোনে যোগাযোগ করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন অভিষেক৷ তিনি জানিয়ে দেন, যতক্ষণ না পর্যন্ত তাঁকে হেনস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করবে, তিনি এলাকা ছাড়বেন না৷

    অভিষেক যখন আক্রান্ত দলীয় কর্মীর বাড়ির ভিতরে ঢুকে কথা বলছেন তখনও বাইরে বিক্ষোভ চলতে থাকে৷ এমন কি, অভিষেক যে বাড়িতে যান তার দরজাতেও ধাক্কাধাক্কি চলতে থাকে৷
  • Link to this news (News18 বাংলা)