বজ্রাঘাত ও বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল দু'জনের, 'যমে-মানুষে টানাটানি' আরও দুই শ্রমিকের
News18 বাংলা | ৩০ মে ২০২৬
আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, তার পরেই ঝড়-বৃষ্টির দাপট। প্রকৃতির সেই রুদ্ররূপ মুহূর্তের মধ্যে কেড়ে নিল দুই পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে। বজ্রাঘাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই জন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পুরুলিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্রামের বাসিন্দা শেখ রেহমাত উল্লাহ প্রতিদিনের মত মাঠে গবাদি পশু চরাতে গিয়েছিলেন। হঠাৎই আকাশ কালো করে নেমে আসে প্রবল ঝড়-বৃষ্টি। এরই মধ্যে বিকট শব্দে বাজ পড়ে মাঠে। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্য ও গ্রামবাসীরা দ্রুত তাঁকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে, বরাবাজার থানার পলমা গ্রামে কাঠের কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হন তিন শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাজের মাঝেই আচমকা বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর জখম হন তাঁরা। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি নিমাই গড়াইয়ের। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপর দুই আহতের চিকিৎসা চলছে। একদিকে বজ্রাঘাত, অন্যদিকে বিদ্যুৎস্পৃষ্ট কয়েক ঘণ্টার ব্যবধানে দুই মৃত্যুর ঘটনায় স্তব্ধ দুই গ্রাম।
পরিবারের কান্না, প্রতিবেশীদের হাহাকার আর অসময়ে চলে যাওয়ার বেদনা যেন আরও একবার মনে করিয়ে দিল প্রকৃতির সামনে মানুষের অসহায়তার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানান হয়েছে। বিশেষ করে খোলা মাঠে কাজ করা, গাছের নীচে আশ্রয় নেওয়া এবং ঝড়ের সময় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।