ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে গেলেন, ভোটের পর প্রথম কর্মসূচিতে বেরিয়ে 'মার খেলেন' অভিষেক!
News18 বাংলা | ৩০ মে ২০২৬
ভোটের ফলপ্রকাশের পর আজই প্রথমবার প্রকাশ্য কর্মসূচিতে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর পালাবদলের পর প্রথম বার প্রকাশ্যে আসতেই চূড়ান্ত হেনস্থার শিকার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় অভিষেককে ঘিরে ধরে রীতিমতো মারধর করলেন বিক্ষোভকারীরা৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এমন ভাবে ধাক্কাধাক্কি করা হয় যে মোটরসাইকেল থেকেও মাটিতে পড়ে যান অভিষেক৷ তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-ডিম-জুতো৷ কোনওমতে অভিষেককে ঘিরে ধরে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিরাপত্তারক্ষী এবং স্থানীয় তৃণমূল কর্মীরা৷
এই ঘটনাকে কেন্দ্র করে এ দিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সোনারপুরে৷ অভিষেককে উন্মত্ত জনতার হাত থেকে বাঁচিয়ে দলীয় কর্মীর বাড়িতে পৌঁছে দিলেও সেই বাড়ি ঘিরে রাখেন বিক্ষোভকারীরা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পাল্টা জানিয়ে দেন, যতক্ষণ না পর্যন্ত পুলিশ এসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ততক্ষণ তিনি এলাকা ছাড়বেন না৷
অভিষেকের এই হুঁশিয়ারির পরেই এলাকায় পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে এলাকা ফাঁকা করার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ৷
ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস৷ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অবশ্য এই ঘটনার নিন্দা করে দাবি করেছেন এর সঙ্গে বিজেপি-র যোগ নেই৷ একই সঙ্গে ক্ষমতায় থাকাকালীন বিরোধীদের উপর তৃণমূলের অত্যাচারের ঘটনার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি৷ বিজেপি বিধায়ক তাপস রায়ও এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন৷
এ দিন সোনারপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর প্রথমে কামালগাজি মোড়ের কাছে অভিষেকের গাড়ি থামতেই তাঁকে কালো পতাকা দেখিয়ে চোর চোর স্লোগান দেওয়া হয়৷ এর পর সোনারপুরে দলীয় কর্মীদের বাড়িতে পৌঁছতে গাড়ি থেকে নেমে এক দলীয় কর্মীর মোটরসাইকেলে ওঠেন অভিষেক৷
মোটরসাইকেল কিছুটা এগোতেই অভিষেককে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা৷ পরিস্থিতি এমন হয় .যে ভিড় ঠেলে এগোতেও পারছিল না মোটরসাইকেল৷ কোনওরকমে অভিষেককে নিয়ে মোটরসাইকেল বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী এবং পুলিশকর্মীরা৷ কিন্তু ভিড় ঠেলে মোটরসাইকেল এগোতে পারেনি৷
তখন অভিষেককে ঘিরে ধরে কার্যত টানাহ্যাঁচড়া শুরু হয়৷ তৃণমূল শীর্ষ নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-ডিম-জুতো৷ ধস্তাধস্তিতে অভিষেকের জামাও ছিঁড়ে যায়৷ অভিষেকের মাথা বাঁচাতে কোনওমতে একটি হেলমেট পরিয়ে দেওয়া হয়৷ অভিষেকের অবশ্য দাবি, পুলিশ নয় দলীয় কর্মীরাই তাঁকে হেলমেট পরিয়ে রক্ষা করেছেন৷