• ‘শিফট করছি, ট্রিটমেন্ট হচ্ছে না’, অভিষেককে নিয়ে বেলভিউ গেলেন মমতা
    এই সময় | ৩১ মে ২০২৬
  • সোনারপুরে শনিবার নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময়ে তীব্র বিক্ষোভের সামনে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাক্কাধাক্কি হয়, টানাহেঁচড়া করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দলীয় কর্মীর বাড়ি থেকে অভিষেককে নিরাপত্তা দিয়ে বের করে আনেন। তারপরেই সোজা বাইপাসের ধারের একটি হাসপাতালে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছনোর পরে হুইল চেয়ারে বসিয়ে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওই হাসপাতালে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    কিছুক্ষণ পরে হাসপাতালের পোশাক পরে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হুইলচেয়ারে বসে বেরিয়ে আসেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। তাঁদের সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক-ও-ব্রায়েন।

    হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ওঠেন অভিষেক। গাড়ির সামনে বসেন মমতা। পিছনের আসনে বসতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ‘আমরা এখান থেকে শিফট করছি, এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। উপর থেকে বলে দিয়েছে।’

    রাত ৮টার কিছুক্ষণ পরে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হচ্ছে। শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘বিভিন্ন জায়গায় ইনজুরি স্পট দেখলাম। জামা ছিঁড়ে দেওয়া হয়েছে... যে কোনও সময় যা কিছু ঘটতে পারত। মাথায় চোটও আছে।’

    বেলভিউ হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরীক্ষা করা হয়। তাঁকে ITU-তে রেখে পরীক্ষা করা হয়। যদিও রাত ১০টার কিছুক্ষণ আগে বেলভিউ হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই।অভিষেকের দেহে কোনও গুরুতর আঘাত নেই বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। তাঁর বুকে আঘাতের দাগ রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। তিনি fully conscious & oriented রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল।

  • Link to this news (এই সময়)