• অন্যত্র 'শিফট' অভিষেক, কী বললেন মমতা
    আজকাল | ৩১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: 'আক্রান্ত' অভিষেককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সেখানে পৌঁছনোর কয়েক মিনিট পরেই বড়সড় অভিযোগ তাঁর। মমতার অভিযোগ, সেই হাসপাতালে অভিষেকের ট্রিটমেন্ট যথাযথ হচ্ছে না। মমতা ব্যানার্জির সিদ্ধান্তেই তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। 

    আজ মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেই হেনস্থার শিকার হন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। শনিবার বিকেলে মৃত সঞ্জু কর্মকারের বাড়িতে ঢোকার মুখেই জনরোষের মুখে পড়েন অভিষেক। সোনারপুর থেকে বেরিয়ে এবার সোজা হাসপাতালে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই অভিষেককে দেখতে যান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। 

    সোনারপুরে অভিষেকের ওপর হামলার ঘটনায় কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। দলের একাধিক সাংসাদ, বিধায়ক এই ঘটনায় তুমুল কটাক্ষ করেছেন বিজেপির কর্মী, সমর্থকদের। 

    সূত্রের খবর, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেখানেই কয়েক মিনিট ছিলেন। অভিষেকের ওপর হামলার খবর পেয়েই বাড়ি থেকে বেরিয়ে সেই বেসরকারি হাসপাতালের উদ্দেশে রওনা দেন মমতা ব্যানার্জি। খানিকক্ষণ পরেই অভিষেককে নিয়ে সেই হাসপাতাল থেকে বেরিয়ে যান মমতা। 

    প্রসঙ্গত, সোনারপুরে অভিষেক ব্যানার্জি পৌঁছতেই শুরু হয় তুলকালাম। মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার মাঝপথেই অভিষেককে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। মুহূর্তে পরিস্থিতি হয় ধুন্ধুমার। প্রথমে চোর চোর স্লোগান। পরে তাঁকে উদ্দেশ্য করে ঢিল, ডিম, জুতো ছোঁড়া হয়। দেখানো হয় কালো পতাকা। প্রবল জলরোষের জেরে নিরাপত্তার স্বার্থে অভিষেককে হেটমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়। এই সময় ছিঁড়ে যায় অভিষেকের সাদা জামা। 

    এরপর অভিষেক বলেন, এখনও একমাস হয়নি। তার মধ্যেই এই অবস্থা। পুলিশকে বারবার বলা সত্ত্বেও এই ধরণের পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর তিনি মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। সেখানে গিয়ে অভিষেক বলেন, "আমাকে মারার চেষ্টা করা হচ্ছে। মেরে দিক আমাকে। আমি এর শেষ দেখে ছাড়ব। একটা পুলিশ নেই। দরজা ভাঙার চেষ্টা চলছে।" 

    দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেকের নির্দেশ, "এইরকম ঘটনা ঘটলে পুলিশকে হোয়াটসঅ্যাপ করে রাখুন। রেকর্ড থাকবে। আজকের ঘটনা নিয়ে আমি আদালতের দ্বারস্থ হব।" 

    এরপর কিছুক্ষণ পর অভিষেক ব্যানার্জির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, শাসক হল হত্যাকারী। বিজেপির লজ্জা করা উচিত।
  • Link to this news (আজকাল)