• অভিষেককে মারের ভিডিও শেয়ার করে মমতা লিখলেন,'শাসক এখন ঘাতক'
    আজ তক | ৩১ মে ২০২৬
  • BJP-কে ধিক্কার জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সোনারপুরে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হচ্ছে। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, ছোড়া হয়েছে ডিম। হেলমেট পরিয়ে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 

    মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'শাসক হয়ে গেল ঘাতক। BJP-কে ধিক্কার।'

    ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময়ে রাস্তায় মারধর করা হয় অভিষেককে। ডিম ছোড়া হয়, জামা ছিঁড়ে দেওয়া হয়। তৃণমূল কর্মীর বাড়িতে ঢোকার মুখে তাঁর গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। এলোপাথাড়ি চড়-ঘুষি মারা হয় অভিষেকের মাথায়-ঘাড়ে। 

    পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়ান। 

    অভিষেক বলেন, 'রা আমায় মারতে চায়! মেরে দিক! আমি এখান থেকে যাব না। আমি হাই কোর্ট এবং রাজ্যপালের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। আমার মৃতদেহ যাবে এখান থেকে কিন্তু ফোর্স না এলে আমি এখান থেকে নড়ব না।' তিনি আরও বলেন, 'হেলমেট না থাকলে আমার মাথা দু’টুকরো হয়ে যেত আজকে। আমার চোখে সাত বার অস্ত্রোপচার হয়েছে। ইট-পাটকেল ছুড়েছে। চশমার অবস্থা দেখুন।'

    সোনারপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।  দুই বাহিনীর প্রহরায় তাঁকে সোনারপুরের দলীয় কর্মীর বাড়ি থেকে বার করা হয় অভিষেককে। গলিপথের দু’দিক থেকে এমনকী আশপাশের বাড়ির ছাদ থেকেও ‘চোর চোর’ স্লোগান উঠতে থাকে।

    অভিষেক আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে কংগ্রেস সহ BJP বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই ঘটনার নিন্দা জানিয়েছেন। CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'উনি শত শত পুলিশের প্রহরায় হুঙ্কার দিয়েছিলেন, কোন বাপ আছে দেখে নেবেন। সেটাও যেমন গণতন্ত্রে উচিত নয়, আজকের ঘটনাও কাম্য নয়। তবে BJP-RSS চাইবে নানা কৌশলে তৃণমূলকে প্রচারের আলোয় রেখে দিতে। এটা তেমন কৌশল হলেও হয়ে থাকতে পারে।'

     
  • Link to this news (আজ তক)