৯ বছর আইটিতে চাকরি করার পর অটো চালাচ্ছেন মহিলা! কেন এমন করলেন?
আজকাল | ৩০ মে ২০২৬
কর্পোরেট চাকরির মোহ ছেড়ে অটোচালক! শুনতে অবাক লাগলেও এমনই এক সিদ্ধান্ত নিয়েছেন এক মহিলা৷ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে তিনি। দীর্ঘ ৯ বছর আইটি সেক্টরে ম্যানেজার হিসেবে কাজ করার পর তিনি হঠাৎ ছেড়ে দেন চাকরি।
আইটির বিশাল টাকার চাকরি ছেড়ে নিজের অটো-রিকশা চালাচ্ছেন মহিলা। মাসে প্রায় ৬০ হাজার টাকা উপার্জন করেন, আর তাঁর কথায়—“আমি এখন অনেক বেশি সুখী।”
ঘটনাটি সামনে আসে এক উদ্যোক্তার সঙ্গে তাঁর আকস্মিক আলাপচারিতার মাধ্যমে। অটোযাত্রার সময় ওই মহিলা জানান, আইটি চাকরির উচ্চ বেতন ও সম্মান থাকলেও প্রতিদিনের কাজের চাপ, টেনশন এবং মানসিক ক্লান্তি তাঁকে গ্রাস করছিল। শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করেন যে জীবনে শুধুমাত্র বড় পদ বা মোটা বেতনই সাফল্যের মাপকাঠি নয়। তাই নিজের মানসিক শান্তির জন্য তিনি কর্পোরেট জীবনকে বিদায় জানান।
বর্তমানে তিনি নিজের অটো চালিয়ে স্বনির্ভর জীবনযাপন করছেন। আয় আগের তুলনায় কম একথা জানিয়েছেন তিনি৷ কিন্তু তাঁর মতে, মানসিক শান্তি ও স্বাধীনতার মূল্য অনেক বেশি। তিনি বলেন, এখন আর অফিসের ডেডলাইন, মিটিং বা লক্ষ্যপূরণের চাপ নেই।
নিজের সময় নিজের মতো করে ব্যবহার করতে পারছেন, আর সেটাই তাঁকে সত্যিকারের আনন্দ দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর গল্প ভাইরাল হওয়ার পর বহু মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
অনেকেই লিখেছেন, সুখের সংজ্ঞা সবার কাছে এক নয়। কেউ কর্পোরেট অফিসে বিশাল অঙ্কের মাইনে পেয়ে কাজের চাপের মধ্যে থেকে আনন্দ খুঁজে পান, আবার কেউ সাধারণ জীবনে খুঁজে পান মানসিক প্রশান্তি। এই মহিলার সিদ্ধান্ত সেই কথাই আরও একবার প্রমাণ করে দিল।
আজকের প্রতিযোগিতার যুগে তাঁর গল্প যেন এক গুরুত্বপূর্ণ বার্তা দেয়—সাফল্য মানে শুধু বড় পদ বা বড় বেতন নয়, বরং এমন জীবন বেছে নেওয়া যেখানে নিজের মন ভালো থাকে। আর সেই সাহস দেখাতে পারাটাই হয়তো জীবনের সবচেয়ে বড় লড়াই জিতে যাওয়া৷