• ৩০ মিনিটের ধুলোঝড়ে লন্ডভন্ড মরুরাজ্য রাজস্থান, শূন্যে নামল দৃশ্যমানতা
    প্রতিদিন | ৩১ মে ২০২৬
  • ধূলিঝড়ের কবলে রাজস্থান। মাত্র ৩০ মিনিটের তাণ্ডবে পুরু ধুলোর চাদরে ঢাকল মরুরাজ্য। ভয়ংকর সেই ঝড়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিরাট ধুলোর মেঘ কার্যত গোটা আকাশ ঢেকে ফেলে ধেয়ে আসছে। ঝড়ের জেরে প্রায় শূন্যে নেমে আসে দৃশ্যমানতা। জানা গিয়েছে, রাজস্থানের চুরু, হনুমানগড়, শ্রীগঙ্গানগর, বিকানের, নাগৌর, দিদওয়ানা-কুচামান, আলওয়ার এবং সিকার জেলায় এই ধূলিঝড় দেখা গিয়েছে।

    স্থানীয়দের তরফে জানা গিয়েছে, শনিবার দুপুর একটা নাগাদ হঠাৎ প্রবল বাতাস বইতে থাকে এলাকায়। বালি ও ধুলোর ঘন মেঘ ঢেকে ফেলে আকাশ। মুহূর্তের মধ্যে ধুলোর চাদরে ঢেকে যায় সমস্ত এলাকা। দৃশ্যমানতা না থাকায় ব্যহত হয় যান চলাচল। জানা যাচ্ছে, এই ধুলোঝড়ের গতি ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। ধুলোর জেরে চোখ জ্বালা ও শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হয় সাধারণ মানুষের। গোটা ঘটনায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।

    উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজস্থানের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ঘরাফেরা করছিল। শুক্রবার তা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় হচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা। যার জেরে আগামী কয়েকদিনে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নামতে পারে তাপমাত্রাও। এর ঠিক পর রাজ্যজুড়ে ধুলিঝড়ের তাণ্ডব দেখল রাজস্থান।
  • Link to this news (প্রতিদিন)