• দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, একাধিক মৃত্যুর আশঙ্কা
    প্রতিদিন | ৩১ মে ২০২৬
  • দক্ষিণ দিল্লির মেহরাউলিতে হুড়মুড় করে ভেঙে পড়ল একটি পাঁচতলা বাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন। এখনও পর্যন্ত চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

    পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৭টা ৪৪ মিনিট নাগাদ মেহরাউলির সাঈদুল আজাব এলাকায় অবস্থিত পাঁচতলা বাড়িটি আচমকা ভেঙে পড়ে। সেই সময় বাড়ির ভিতরে উপস্থিত ছিলেন বাসিন্দারা। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। এরপরই হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও পর্যন্ত চারজনকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। তাঁরা সামান্য আহত। কিন্তু মনে করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে অনেকে। শুধু তা-ই নয়, বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে বলে অনুমান প্রাশাসনের। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

    কিন্তু কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বাড়িটি কত বছর পুরনো, বাড়িটিতে কতজন বাস করতেন, বাড়িটিতে কোনও নির্মাণকাজ চলছিল কি না, তা-ও জানা যায়নি। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে আশ্বাস দিয়েছে পুলিশ-প্রশাসন। তবে এই মুহূর্তে যাঁরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন, তাদের উদ্ধার করাই মূল লক্ষ্য বলে জানাচ্ছেন আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)