• কলকাতার কৌলিন্য কাটিয়ে মেট্রো এবার অন্য শহরেও! নীল নকশা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ৩১ মে ২০২৬
  • কলকাতার সীমা পেরিয়ে মেট্রো চড়ে পাতালপথে যাতায়াত এবার অন্য শহরেও! এমনই সুদিনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সাংবাদিক বৈঠকে একাধিক ঘোষণার মধ্যে তিনি জানালেন, প্রধানমন্ত্রী মোদির পরিকল্পনামাফিক ‘সিটি মেট্রো সার্ভিস’ বাংলায় চালু করতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। জনবহুল শহরগুলিতে এই পরিষেবা চালুর জন্য নীল নকশা তৈরির নির্দেশ দিলেন শুভেন্দু। এর জন্য তিনি দায়িত্ব দিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলকে। অগ্নিমিত্রার নেতৃত্বে যাবতীয় পরিকল্পনা প্রস্তাব আকারে পাঠানো হবে দিল্লিতে।

    কেন্দ্রের ‘সিটি মেট্রো সার্ভিস’ প্রকল্প অনুযায়ী, যেসব শহরে জনসংখ্যা ২৫ থেকে ৩০ লক্ষ, সেসব জায়গায় মেট্রো পরিষেবা সম্প্রসারণের কাজ চলছে। বাংলার বড় শহরগুলিকেও সেই প্রকল্পের আওতায় আনতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি ঘোষণা করেন, ‘‘যেসব শহরে ২৫ থেকে ৩০ লক্ষ জনতার বসবাস, তাদের জন্য প্রধানমন্ত্রীর সিটি মেট্রো সার্ভিস প্রকল্প অনুযায়ী কাজের উদ্যোগ নিয়েছি। আমাদের নগরোন্নয়ন মন্ত্রীকে বলেছি, এনিয়ে আপনারা নির্দিষ্ট পরিকল্পনা, ডিপিআর যা করার করুন। তা দিল্লিতে প্রস্তাব আকারে পাঠানো হোক। প্রধানমন্ত্রী মেট্রো প্রকল্পে অনেক অর্থ দিয়েছেন। তিনি কয়েকমাস আগে দমদমে মেট্রোর নতুন পথ উদ্বোধন করে সেকথা বলেছিলেন। তাঁর সেই অর্থ কাজে লাগানো হবে।”

    এই মুহূর্তে কলকাতা ও সংলগ্ন শহরতলির যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মেট্রোপথ যথেষ্ট সম্প্রসারণ করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসত ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পর্যন্ত মেট্রোলাইনের কাজ চলছে। এই দুই জেলাতেই সর্বাধিক জনতা। এছাড়া হাওড়া ও হুগলিতেও জনবসতি ভালোই। এই মুহূর্তে হাওড়া পর্যন্ত মেট্রোপথ রয়েছে। কিন্তু সিটি মেট্রো সার্ভিসের শর্তের মধ্যে এসব জেলা পড়ছে না। জেলার প্রায় কোনও শহরেই ২৫-৩০ লক্ষ মানুষ নেই। ফলে প্রশ্ন, তাহলে নতুন মেট্রো প্রকল্প হবে কোথায়? মনে করা হচ্ছে, যেসব মেট্রো প্রকল্পের কাজ চলছে, সেই কাজই দ্রুত সম্পন্ন করা হবে।
  • Link to this news (প্রতিদিন)