• ‘বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না’, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ৩১ মে ২০২৬
  • কলকাতা, ৩০ মে: বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গা নিতে চলেছে অন্নপূর্ণা যোজনা। এবার বাংলার মহিলারা ১,৫০০ টাকার বদলে পাবেন তিন হাজার টাকা। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনায় অফলাইনে আবেদনের ফর্ম প্রকাশ করেছে রাজ্য। অফলাইন ও অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ জুন থেকে। এর মধ্যেই বহু আলোচিত এই প্রকল্পের ১২ পৃষ্ঠার আবেদনপত্রকে ঘিরে সোশ্যাল মিডিয়া সরগরম। অনেক মহিলার পক্ষে এত দীর্ঘ ফর্ম পূরণ করা কঠিন বলেও দাবি করা হচ্ছে। আজ, শনিবার বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে এনিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিচলিত না হওয়ার জন্য মহিলাদের কাছে আবেদন করেছেন তিনি। পাশাপাশি এনিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও মুখ্যমন্ত্রীকে অভিযোগ করতে শোনা যায়।

    রাজ্যে চালু হল বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি। এদিন বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের আশ্বস্ত করেন তিনি। শুভেন্দু বলেন, ‘আগামী ৩ জুন থেকে অন্নপূর্ণা যোজনার প্রথম পর্বে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো শুরু হবে। আপনাদের বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যাঁরা ফর্ম পূরণ করতে পারবেন না, সরকারি কর্মীরা তাঁদের বাড়িতে যাবেন। সরকারি কর্মীরাই ফর্ম ফিল-আপ করে আনবেন। গুজবে কান দেবেন না।’

    সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারে অনিয়মের কয়েকটি ঘটনা সামনে এসেছে। তার রেশ ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছাক। আমরা চাইনা কোনো অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাইনা পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। আর্থিক শৃঙ্খলা মেনে এই সরকার কাজ করবে। প্রকৃত প্রাপকদের চিহ্নিত করে প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা সরকারের দায়িত্ব।’
  • Link to this news (বর্তমান)