• রাতের শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে পথে বিধায়ক, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে
    এই সময় | ৩১ মে ২০২৬
  • রাতের শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাস্তায় নামলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার তাঁর সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, মহকুমাশাসক বিকাশ রুহেলা-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, পাব ও বারের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা। পরে শঙ্কর বলেন, ‘কোনও ভাবেই দুষ্কৃতীমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। দিন হোক বা রাত, আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

    শহরে রাত বাড়লেই বেপরোয়া গতিতে গাড়ি ও বাইক চালানোর অভিযোগ দীর্ঘদিনের। পাশাপাশি মত্ত অবস্থায় গাড়ি চালানো, রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনাও বারবার সামনে এসেছে। সেই সব অভিযোগের প্রেক্ষিতেই রাতের পরিস্থিতি খতিয়ে দেখতে এই বিশেষ নজরদারি অভিযান চালানো হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

    রাত সোয়া দশটা নাগাদ পুলিশ কর্তাদের সঙ্গে ভক্তিনগর চেকপোস্ট থেকে হাঁটতে শুরু করেন শঙ্কর। কথা বলেন পথ চলতি মানুষের সঙ্গে। রাত-বিরেতে পথচারীদের কী কী সমস্যা হয়, বোঝার চেষ্টা করেন তিনি। প্রশাসনের দাবি, শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালানো হবে।

    দুষ্কৃতীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে শঙ্কর বলেন, ‘যাদের ভরসায় আপনারা এতদিন ভয়হীন ছিলেন, তারা আর নেই, কোথাও নেই। ফলে দুষ্কৃতীদের মনে যাতে প্রশাসনের ভয় থাকে সেজন্যই আমাদের পথে নামা।’ ছাব্বিশের বিধানসভা ভোটে ‘ভয় আউট, ভরসা ইন’ স্লোগান দিয়েছিল বিজেপি। শঙ্কর বলেন, ‘আমি নিজে বহুবার রাতে বাড়ি ফেরার সময় দেখেছি, গায়ে পোশাকের ঠিক নেই অথচ রাস্তায় মারামারি চলছে। এই ধরনের দুষ্কৃতীদের মনে একেবারেই ভয় ছিল না। তাদের জন্য এই স্লোগানটা উল্টো। ভয় ইন, ভরসা আউট।’

  • Link to this news (এই সময়)