ঝালমুড়ি বিক্রি করতে গিয়ে বিপর্যয়, বাসের ছাদ থেকে মাথায় পড়ল ভারী কয়লার বস্তা
News18 বাংলা | ৩১ মে ২০২৬
আর পাঁচটা দিনের মতোই রুটিরুজির টানে ঘর থেকে বেরিয়েছিলেন পাণ্ডবেশ্বর রেল গিরিডাঙ্গা পাড়ার বাসিন্দা গোপাল স্বর্ণকার। পাণ্ডবেশ্বর থানার ফুলবাগান মোড়ে প্রতিদিনের মতোই পসরা সাজিয়ে ঝালমুড়ি বিক্রি করছিলেন তিনি। কিন্তু আচমকাই যে এমন এক মর্মান্তিক বিপর্যয় তাঁর ওপর নেমে আসবে, তা তিনি নিজেও বুঝতে পারেননি।
জানা গিয়েছে, এদিন একটি বাসের সামনে গিয়ে তিনি ঝালমুড়ি বিক্রি করছিলেন। ঠিক তখনই বাসের ছাদ থেকে একটি ভারী কয়লার বস্তা সোজা এসে পড়ে তাঁর মাথার ওপর। ঘটনায় গুরুতর আঘাত লেগেছে ওই ঝালমুড়ি বিক্রেতার মাথায়। ঘটনার আকস্মিকতায় মাটিতেই লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে।
জানা গিয়েছে, যে বাসের সামনে তিনি ঝাল মুড়ি বিক্রি করছিলেন, সেই বাসের ছাদে বোঝাই করা হয়েছিল কয়লার বস্তা। কোনওভাবে আচমকা ওই ভারী বস্তা তাঁর মাথায় এসে পড়ে। ফলে ওই ঝাল মুড়ি বিক্রেতার মাথায় এবং পায়ে গুরুতর চোট লেগেছে। রাস্তায় এমন কাণ্ড ঘটতে দেখে মুহূর্তের মধ্যে ফুলবাগান মোড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার পরে আশপাশে থাকা লোকজন এবং স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন গোপালবাবুকে। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহত ঝালমুড়ি বিক্রেতা গোপালবাবু জানান, বাসের ছাদে প্রায়শই এভাবে কয়লার বস্তা নিয়ে যাওয়া হয়। এদিনও তেমন ছিল। কিন্তু এইভাবে যে বিপদ নেমে আসবে তা তিনি বুঝতে পারেননি। বিষয়টি নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও উঠেছে।