• সরকারি দপ্তরে পরিষেবা অমিল? নালিশ শুনবে ‘সমাধান দিদি’
    এই সময় | ৩১ মে ২০২৬
  • সরকারি দপ্তরে ঘুরে ঘুরেও কাজ হচ্ছে না? জুতো ক্ষয়ে যাচ্ছে কিন্তু ফাইলে সই কিংবা প্রয়োজনীয় নথি মিলছে না? তাহলে এ বার বাড়ি বসেই ঠুকতে পারবেন নালিশ। শনিবার এআই-সুবিধাযুক্ত একটি চ্যাটবট (Chatbot) লঞ্চ করল কেন্দ্র। যার নাম ‘সমাধান দিদি’ (Samadhan Didi)।

    কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, দেশের জনগণ যাতে সরকারি পরিষেবা আরও সহজে এবং বিনা বাধায় পেতে পারেন, তার জন্যই এই পদক্ষেপ।

    এই চ্যাটবটে মাতৃভাষায় অভিযোগ জানানো যাবে। ভয়েস মেসেজের মাধ্যমেও অভিযোগ নথিবদ্ধ করা যাবে। কোনও মন্ত্রক বা দপ্তরের কাজ তা না জানলেও এই অভিযোগ করা যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

    কী ভাবে কাজ করবে সেই চ্যাটবট? মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চ্যাটবট কিছু প্রশ্ন করবে, তার উত্তর বিবেচনা করে নিজেই উপযুক্ত মন্ত্রক, দপ্তর এবং বাকি বিষয়টি নির্দিষ্ট করে নেবে। তার পরে যেখানে ওই অভিযোগ পাঠানোর, সেটা পাঠিয়ে দেবে।

    ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্স এবং Bhasini-র যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই চ্যাটবট। শনিবারের অনুষ্ঠানে চ্যাটবটটির কাজ করে দেখানো হয়। এ দিন মন্ত্রী জানিয়েছেন, রাজ্য প্রশাসনগুলিকে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও আঞ্চলিক ভাষায় এই সুবিধা আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

  • Link to this news (এই সময়)