Mamata Attack On BJP On Abhishek Issue: সোনারপুরে আক্রান্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই এবার বিজেপি নেতৃত্ব এবং এক পদস্থ পুলিশ কর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অভিষেক গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও তাঁকে হাসপাতাল থেকে তড়িঘড়ি ছেড়ে দেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে গেরুয়া শিবির ও প্রশাসনেরই একাংশ।
শনিবার এক জরুরি সাংবাদিক বৈঠক ডেকে এই বিষয়ে নিজের তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সোনারপুরে হামলার পর অভিষেকের শরীরে একাধিক জায়গায় 'ব্লাড ক্লট' বা রক্ত জমাট বেঁধেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালের ইনটেনসিভ থেরাপি ইউনিটে (ITU) রেখে চিকিৎসা চালানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই তৃণমূল সাংসদের থোরাসিক পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাফি (USG) এবং থ্রি-ডি সিটি স্ক্যানের (3D CT scan) মতো একাধিক জটিল ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিষেকের শারীরিক পরিস্থিতি যখন এতটাই সংকটজনক, তখন কোন উদ্দেশ্যে এক বর্ষীয়ান পুলিশ অফিসার ও বিজেপি নেতারা হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ডিসচার্জ করার জন্য চাপ দিচ্ছেন, তা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর তোলপাড় শুরু হয়েছে।