• মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপের বিরুদ্ধে এফআইআর, ‘সত্যমেব জয়তে’, পোস্ট শতদ্রুর
    প্রতিদিন | ৩১ মে ২০২৬
  • মেসি-কাণ্ডে এবার নয়া মোড়! গত ডিসেম্বর মাসে যুবভারতী স্টেডিয়াম ভাঙচুরের অভিযোগে শনিবার রাতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হল বিধাননগর দক্ষিণ থানায়। গত ১৭ই মে মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের আনা অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে। প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, প্রতারণার ইত্যাদির অভিযোগের এনেছেন মেসি গোট টুরের আয়োজক শতদ্রু দত্ত। খুব শীঘ্রই রাজ্যের প্রাক্তনমন্ত্রীকে বিধাননগর কমিশনারেট তলব করতে পারে বলে সূত্রের খবর। 

    বিধাননগর কমিশনারেট পুলিশের কাছে অভিযোগকারীর আরও দাবি, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রসঙ্গত, পালাবদল সরকারের রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী দায়িত্বভার নিয়ে মেসি কাণ্ডে ফাইল খোলার হুঙ্কার দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। সেই আবহে ইভেন্টের মূল উদ্যোক্তার আনা এই অভিযোগ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল।

    অন্যদিকে পুলিশের তরফে রাজ্যের প্রাক্তনমন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন শতদ্রু দত্ত। যেখানে এফআইআর কপি পোস্ট করে তিনি লিখছেন, ‘সত্যমেব জয়তে’। ওই পোস্টে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপিকেও ধন্যবাদ জানিয়েছেন কোন্নগরের এই ব্যবসায়ী।

    বলে রাখা প্রয়োজন, বাংলায় নতুন সরকার গঠনের পরই যুবভারতীতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা নিয়ে মুখ খুলেছিলেন শতদ্রু। তিনি জানান, অনুমতি ছাড়াই মাঠে নেমে লিওনেল মেসিকে ঘিরে ধরেছিলেন অরূপ বিশ্বাস। গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে এসেছিলেন। শুধু তিনিই নন, জুঁই বিশ্বাসের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ করে মেসি গোট টুরের আয়োজক। শুধু তাই নয়, ইচ্ছাকৃতভাবে মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)