• ‘একদম নড়বি না’, স্ত্রীকে চার ঘণ্টা ‘মুরগি’ বানিয়ে রাখলেন স্বামী, পালানোর চেষ্টা করতেই ছুরির কোপ
    এই সময় | ৩১ মে ২০২৬
  • স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার মুম্বইয়ের চেম্বুরের ঘটনা। ইতিমধ্যে স্বামী আরবাজ সৈয়দকে গ্রেপ্তার করেছে আরসিএফ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছুরি মারার আগে স্ত্রীকে চার ঘণ্টা ‘মুরগি’ বানিয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন আরবাজ। শুধু তাই নয়, ওই অবস্থাতেও তিনি স্ত্রীকে লাগাতার খুনের হুমকি দিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরবাজের বিরুদ্ধে মুম্বইয়ের বিভিন্ন থানায় ১৯টি অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী পরিচারিকার কাজ করেন। সেই টাকাতেই সংসার চলে। আরবাজ নিজে কোনও কাজকর্ম করেন না বলেই জানা গিয়েছে। পুলিশের দাবি, তিনি সারা দিন বাড়িতেই থাকেন। আর মদ্যপান করেন। এ দিন দুপুরেও আরবাজ স্ত্রীকে মারধর করছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, একটি তরোয়াল উঁচিয়ে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই সময়েই আচমকা স্ত্রীকে বলে বসেন, ‘মুরগি হয়ে থাক। একদম নড়বি না।’

    ভয়ে কাঁপতে কাঁপতে ‘মুরগি’-র ভঙ্গিতে বসে পড়েন তাঁর স্ত্রী। পাশে বসে দেখতে থাকেন আরবাজ। সঙ্গে চলে গালিগালাজ। ওই ভাবে চার ঘণ্টা কেটে যায়। শেষে আরবাজ বাড়ি থেকে বেরতেই প্রাণ হাতে করে পাশে বাবার বাড়িতে পালান তরুণী। কিছুক্ষণ পরে বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে রেগে যান আরবাজ। বুঝে যান, স্ত্রী বাবার বাড়িতেই গিয়েছে। সঙ্গে সঙ্গে একটি ছুরি নিয়ে সেখানে হাজির হন তিনি।

    শ্বশুরবাড়িতে ঢুকেই চিৎকার করতে শুরু করেন আরবাজ। শ্বশুর-শাশুড়িকেও অশ্রাব্য গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। তাঁরা আরবাজকে আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হয়নি। অভিযোগ, ঘরে ঢুকেই ছুরি হাতে স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়েন তিনি। এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরাই কোনও রকমে উদ্ধার করেন তরুণীকে। ততক্ষণে থানাতেও খবর পাঠিয়ে দিয়েছিলেন তরুণীর পরিবারের সদস্যরা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে আরবাজকে আটক করে পুলিশ। তাঁর স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

    ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরসিএফ থানার পুলিশ। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আরবাজের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। পারিবারিক বিবাদ থেকেই ঘটনার সূত্রপাত বলে আরসিএফ থানার এক আধিকারিক জানিয়েছেন। তবে আরবাজের বিরুদ্ধে মুম্বইয়ের বিভিন্ন থানায় ১৯টি গুরুতর ফৌজদারি মামলা রয়েছেও বলে জানা গিয়েছে। একই সঙ্গে আরবাজকে ‘দাগী অপরাধী’ বলেও উল্লেখ করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)