নিউটাউন, 30 মে: নিউটাউনের সিসি ব্লকের একটি ফ্ল্যাটে আচমকা হানা দিল ঝাড়খণ্ড রাজ্য পুলিশ ৷ ধরপাকড়কে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। ওই ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে নিউটাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে ঝাড়খণ্ডের নম্বর প্লেট যুক্ত একটি চারচাকা গাড়িও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বেশ কিছুদিন ধরে সিসি ব্লকের ওই ফ্ল্যাটটিতে সাত-আট জনেরও বেশি মানুষ একসঙ্গে বসবাস করতে শুরু করেছিলেন। তাদের রহস্যজনক গতিবিধি দেখে স্থানীয় আবাসিকদের মনে আগে থেকেই সন্দেহ দানা বাঁধছিল বলে দাবি করছেন স্থানীয়রা। এরপরই দেখা গেল এদিন আচমকাই ওই ফ্ল্যাটে এসে পৌঁছয় ঝাড়খণ্ড রাজ্য পুলিশের একটি দল ৷ এলাকায় তল্লাশি অভিযানও শুরু করে তারা।
পুলিশ সেখানে ধরপাকড় শুরু করার পরপরই একটি গুলির আওয়াজ শোনা যায় বলে দাবি করেছেন স্থানীয় আবাসিকরা। ভরদুপুরে এই গুলির শব্দে মুহূর্তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযান শেষে পুলিশ ফ্ল্যাটে থাকা বেশ কয়েকজনকে আটক করে নিউটাউন থানায় নিয়ে যায়। সেই সঙ্গে তাঁদের ব্যবহৃত ঝাড়খণ্ডের চারচাকা গাড়িটিও পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গিয়েছে বলে খবর। তবে এরা কারা, ঝাড়খণ্ডের সঙ্গে এদের সম্পর্ক কী তা অবশ্য এখনও জানা যায়নি ৷ পুলিশের তরফেও এখনও এই বিষয়ে কিছু বলা হয়নি ৷
অন্যদিকে, চলতি বছরের মে মাসে কলকাতা পুলিশ ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে নিউটাউন এবং উত্তর কাশীপুর এলাকা থেকে শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা নামের একজন মোস্ট ওয়ান্টেড ও শীর্ষ মাওবাদী নেত্রীকে গ্রেফতার করা হয়েছিল। সেই সূত্রেই এদিনের এই অভিযান কি না তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ৷