কাল থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, দীঘা ও হলদিয়া ডিপোয় বিশেষ অনুষ্ঠান
বর্তমান | ৩১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাল, ১জুন থেকে সরকারি বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হচ্ছে। এই উপলক্ষ্যে সোমবার সকাল ৮টায় পূর্ব মেদিনীপুরের দীঘা এবং হলদিয়া এসবিএসটিসি ডিপোতে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানে ডিপো ইনচার্জদের পাশাপাশি স্থানীয় বিধায়ক, প্রশাসন ও পুলিশের অফিসাররা উপস্থিত হবেন। শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের ওই দুই ডিপো অফিসে অনুষ্ঠান করার বিষয়ে চিঠি আসে। দীঘার অনুষ্ঠানে রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল এবং হলদিয়ার অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক প্রদীপ বিজলি উপস্থিত থাকবেন।
এই মুহূর্তে দীঘা থেকে দৈনিক ৯৭টি সরকারি বাস চলাচল করে। তারমধ্যে দীঘা ডিপোর নিজস্ব বাস ৫০টি। এছাড়া, বেলঘরিয়া, ফলতা, আরামবাগ, বহরমপুর সহ রাজ্যের নানা ডিপোর সরকারি বাস দীঘা আসা-যাওয়া করে। রাজ্যের যে কোনো প্রান্তের মহিলারা ১জুন থেকে সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। এরআগে এই সুবিধা পেতেন সাংসদ, বিধায়ক, প্রাক্তন সাংসদ ও বিধায়ক, অর্জুন পদকজয়ী, শারীরিক প্রতিবন্ধী, এইচআইভি ও থ্যালাসেমিয়া আক্রান্তরা। তাঁদের সরকারি বাসে ভাড়া দিতে হয় না। এবার রাজ্যের মহিলারা এই সুবিধা পাবেন। তাঁরা সম্পূর্ণভাবে বিনা ভাড়ায় সরকারি বাসে চড়ে রাজ্যের যেখানে খুশি ভ্রমণ করতে পারবেন।
বিজেপি তাদের নির্বাচনি ইস্তেহারে মহিলাদের অন্নপূর্ণা যোজনা স্কিমে মাসে তিন হাজার টাকা এবং সরকারি বাসে ফ্রি-তে যাতায়াতের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিল। সরকার গঠন করার পর তা কার্যকর করতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের এই সুবিধা চালু হওয়ার পর দীঘায় পর্যটক সংখ্যা অনেকটাই বাড়বে বলে হোটেল মালিকরা মনে করছেন। বিনা পয়সায় আসা যাওয়ার সুবিধাকে কাজে লাগালে দীঘায় পর্যটকদের ঢল নামতে পারে। এনিয়ে আশায় বুক বাঁধছেন দীঘা ও মন্দারমণির হোটেল মালিকরা। স্কুলে গরমের ছুটি চলায় এখন দীঘায় রোজ পর্যটকদের ভিড় বাড়ছে। রাজ্য সরকার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে আসা যাওয়ার সুবিধা করে দেওয়ায় পর্যটনে তার সুফল মিলবে বলে দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন মনে করছে।
দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, নতুন সরকার ১জুন থেকে সরকারি বাসে মহিলাদের যে বিশেষ সুবিধা দিচ্ছে তাতে পর্যটনে জোয়ার আসবে। দীঘায় পর্যটকদের ভিড় আরও বাড়বে। তাই আমরা হোটেল মালিক সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।