দুর্নীতির অভিযোগে ৪ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ রাজ্যের
বর্তমান | ৩১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্নীতি ও কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের করল নবান্ন। সাসপেন্ড করা হল এই আধিকারিকদের। যাঁদের মধ্যে রয়েছেন দু’জন ‘ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অব ফুড অ্যান্ড সাপ্লাইজ’। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে দেখা গিয়েছে, রাইস মিলগুলি থেকে সরকারি ধানের যথাযথ পরিমাণ চাল আদায় করা হয়নি। বিষয়টি জেনেও এই মিলগুলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি এই আধিকারিকরা। অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দুই আধিকারিককে সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
একই ভাব ত্রিপল বিতরণে হিসাবে গরমিলের অভিযোগে বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিককে সাসপেন্ড করেছে নবান্ন। জানা গিয়েছে, সম্প্রতি ত্রাণসামগ্রীর অডিট করায় রাজ্য। সেখানেই এই গরমিলের তথ্য সামনে এসেছে বলে খবর। সম্প্রতি বালি সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে বীরভূমে নিযুক্ত ভূমিসংস্কার দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে। সংশ্লিষ্ট বিএলআরও’র বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।
রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দুর্নীতির সঙ্গে জড়িতদের রেয়াত করা হবে না। একইভাবে পূর্বতন সরকারের আমলে হওয়া দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হবে। এই আবহে প্রতিটি দপ্তরেই গত ১৫ বছরের ফাইল খোলা হচ্ছে।