• ২৫ পুরসভা সচল রাখতে তিন সদস্যের কমিটি গঠন
    বর্তমান | ৩১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যে পালাবদলের পর বিভিন্ন পুরসভায় অচলাবস্থা দেখা দিয়েছে। বেশিরভাগ জায়গাতেই চেয়ারম্যান ও কাউন্সিলাররা পুরসভায় যাওয়া বন্ধ করে দিয়েছেন। ফলে জঞ্জাল সাফাই থেকে বিভিন্ন পরিষেবার কাজ শিকেয় উঠেছে। মজুরি পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন অস্থায়ী কর্মীরা। কাঁচরাপাড়া, হালিশহর, ভাটপাড়া, গাড়ুলিয়া, উত্তর বারাকপুর সহ বেশ কয়েকটি পুরসভায় চেয়ারম্যান সহ কাউন্সিলাররা পদত্যাগ করেছেন। শনিবার হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এবং উত্তর বারকপুরের কাউন্সিলার আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য পদত্যাগ করেছেন। এই অচলাবস্থা কাটাতে উত্তর ২৪ পরগনা জেলার ২৫টি পুরসভায় এদিন একজন করে ডব্লুবিসিএস অফিসারের নেতৃত্বে তিনজনের কমিটি তৈরি করে দিয়েছেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া। ওই কমিটিতে বাকি দু’জন সদস্য হলেন সংশ্লিষ্ট পুরসভার একজিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার। 

    জেলাশাসকের নির্দেশিকা অনুযায়ী, যেসব ডব্লুবিসিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা হলেন, বারাকপুর পুরসভায় শ্রীকুমার ভট্টাচার্য, ভাটপাড়ায় সঞ্জয় সেনাপতি, পানিহাটিতে শুভদীপ পালিত, খড়দহে বিমলকুমার শর্মা, টিটাগড়ে রাজীব পান্ডে, উত্তর বারাকপুরে অঙ্কিত আগরওয়াল, গাড়ুলিয়ায় সঞ্জীব সেন, নৈহাটিতে শুভঙ্কর দাস, কাঁচরাপাড়ায় অনন্যা ঘোষ, হালিশহরে সৌগত রায়, হাবড়ায় দেবর্ষি নাগ, বাদুড়িয়ায় নাজিরুদ্দিন সরকার, গোবরডাঙায় সঞ্চয়ন সেন, বনগাঁয় বরুণাশিস সরকার, নিউ বারাকপুরে সন্দীপ ভট্টাচার্য, উত্তর দমদমে শান্তনু সিংহ ঠাকুর, কামারহাটিতে পূজা দেবনাথ, বরানগরে সত্যব্রত হালদার, দমদমে মিলন দেবঘরিয়া, দক্ষিণ দমদমে রিজওয়ান আহমেদ, মধ্যমগ্রামে বিশ্বজিৎ মণ্ডল, বারাসতে সন্দীপ মিশ্র, অশোকনগরে ঋক সপ্তাশাহ, বসিরহাটে পিন্টু ঘরামি এবং টাকিতে অঞ্জন চৌধুরী।

    সোমবার থেকে এই কমিটি কাজ শুরু করবে। মূলত এই কমিটি পুরসভার সমস্ত উন্নয়নমূলক প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা, জঞ্জাল অপসারণ, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ, বেআইনি নির্মাণ রোধ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বাস্তবায়ন, পরিকাঠামো উন্নয়ন এবং রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নিয়মিত নজর রাখবে। শুধু নজরদারি নয়, কোথায় কাজ আটকে রয়েছে বা প্রশাসনিক জটিলতা রয়েছে, তা চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিগুলিকে। তাদের বলা হয়েছে, প্রয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরকে নিয়ে বৈঠক করে দ্রুত সমাধানের পথ বের করতে হবে। স্থানীয় বিধায়কদের সঙ্গে এই কমিটি মিটিং করতে পারবে। জেলাশাসক বলেন, মূলত পুরসভার সমস্ত কাজের উপরে নজরদারি করার জন্যই এই কমিটি করা হয়েছে। কোথায় কী ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করবে এই কমিটি। সেই মতো কাজ হবে। শনিবার পানিহাটি পুরসভায় বিভিন্ন কাজের অভিযোগ নিয়ে বৈঠক করেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। পরিষেবা নিয়ে প্রত্যেক পুর এলাকায় বিস্তর অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। 
  • Link to this news (বর্তমান)