• বিধায়কদের সই জাল মামলায় অভিষেককে নোটিস সিআইডির
    বর্তমান | ৩১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসাবে নোটিস পাঠাল সিআইডি। কাল, সোমবার তাঁকে বেলা ১২টায় ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। ইতিমধ্যে এই মামলায় আদালতের অনুমতি নিয়ে বিএনএস-এর ৩৩৮ নং ধারা অর্থাৎ মূল্যবান নথি জাল করার অভিযোগ যুক্ত করেছে সিআইডি। জানা গিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে বিধানসভার বিরোধী দলনেতার নাম প্রস্তাব করে অভিষেক যে চিঠি বিধানসভার সচিবকে পাঠিয়েছিলেন, সে বিষয়ে তাঁর বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা।

    শনিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ভবনে পৌঁছে যায় সিআইডির পাঁচ সদস্যের টিম। বেশ কিছুক্ষণ তাঁরা দরজায় কড়া নাড়েন। একজন বেরিয়ে এসে নিজেকে ওই বাড়ির কর্মী পরিচয় দিয়ে জানান, অভিষেকবাবু বাড়িতে নেই।  তাঁর স্ত্রী ও সন্তানরাও কেউ নেই। তিনি কোথায় আছেন, তাও জানেন না ওই গৃহকর্মী। তখন সিআইডির টিম পৌঁছে যায় কালীঘাট রোডে অভিষেকের বাড়িতে। সেখানে তদন্তকারীরা ডায়মন্ডহারবারের সাংসদের দেখা পান এবং নোটিস ধরান। এরপর অভিষেক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘তদন্তকারী সংস্থা নোটিস দিতে এসেছে। আমি সাত বছর ধরে কোথায় থাকি, সেটি তারা জানে না। আমি নোটিস গ্রহণ করেছি। আইনজীবীদের সঙ্গে কথা বলব।’ তিনি আরও বলেন, ‘সিআইডি আবার কী? ইডি-সিবিআই সামনে মাথা নত করি নি। এদের দশ পুরুষও আমার কিছু করতে পারবে না। পুরসভাকে দিয়ে আমার ঘর-অফিস ভেঙে মাথায় আঘাত করতে চাইলে করুক। আমি দমার ছেলে নয়।’

    এদিকে, শনিবার এই মামলায় বিধায়ক কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। অভিষেককে জেরা করে তদন্তকারীরা জানতে চান, ওই চিঠিতে যাঁদের সই রয়েছে, সেই সই কে সংগ্রহ করেছিলেন। তিনি কেন সেই চিঠি সচিবের কাছে পাঠালেন, তাও জানতে চাওয়া হতে পারে।   
  • Link to this news (বর্তমান)