• জুলাইয়ে এসসিও বৈঠক কলকাতায়! আসতে পারেন মোদি-পুতিন-জিনপিং
    বর্তমান | ৩১ মে ২০২৬
  • প্রীতেশ বসু, কলকাতা: এই প্রথম বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক সম্মেলনের সাক্ষী হতে চলেছে কলকাতা। তিন বছর আগে ভারতে হয়েছিল জি-২০ সম্মেলন। সেই সম্মেলনের গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছিল কলকাতায়। আর এবার শহরে বসতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সামিট। আগামী ১৭-১৯ জুলাই বিশ্বের প্রথম সারির দেশগুলির এই গোষ্ঠীর বৈঠক হতে পারে সায়েন্স সিটির বিপরীতে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে (মিলন মেলা)। সেই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি হাজির থাকবেন চীনের প্রেসিডেন্ট জি জিন পিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন সহ তাবড় তাবড় রাষ্ট্রনেতারা। সম্প্রতি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ব্যবস্থাপনা খতিয়ে দেখে গিয়েছেন কূটনৈতিক প্রতিনিধিরা। মেলা প্রাঙ্গণ সংলগ্ন বিলাসবহুল হোটেলে আতিথ্য গ্রহণ করবেন রাষ্ট্রপ্রধানরা।

    চলতি বছর এসসিও সম্মেলনের তত্ত্বাবধানকারী দেশের দায়িত্ব পেয়েছে কিরঘিজস্তান। সেই দেশের রাজধানী বিশকেকে এই বার্ষিক সম্মেলনের আসর বসার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং সেই বৈঠক ভারতে নিয়ে আসার ব্যাপারে আগ্রহী ছিলেন। সেই মতো কিরঘিজস্তান সরকারের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে নয়াদিল্লি। মোদির আগ্রহ দেখে এসসিও বার্ষিক সম্মেলন কলকাতায় করার ব্যাপারে প্রাথমিকভাবে সবুজ সংকেত মিলেছে। তবে আনুষ্ঠানিকভাবে সেকথা এখনও ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, ভারত, চীন, রাশিয়া ছাড়াও এসসিও’র সদস্য (মেম্বার স্টেট) হিসাবে রয়েছে ইরান, পাকিস্তান, বেলারুশ, উজবেকিস্তান, তাজিকিস্তান প্রভৃতি দেশ।  
  • Link to this news (বর্তমান)