জঙ্গি হানায় নিহত ট্রাকচালক, হুগলিতে অথই জলে পরিবার
বর্তমান | ৩১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শুক্রবার দুপুরে মণিপুরের জঙ্গিদের গুলিতে নিহত হন ট্রাকচালক নীতীশ দাস(৬৩)। তিনি ছিলেন বাড়ির একমাত্র রোজগেরে সদস্য। পরিবারে আছেন তাঁর বড়ো ছেলে নগেন দাস। তিনি অগ্নাশয়ের গুরুতর রোগে আক্রান্ত, কার্যত কর্মক্ষমতাহীন। এছাড়া আছেন বিবাহযোগ্যা কন্যা দীপা দাস। গতবছর মৃত্যু হয় স্ত্রী গীতা দাসের। এবার মৃত্যু নীতিশবাবুরও। ফলে ত্রিবেণীর ২ নম্বর বাসুদেবপুরের উমাপল্লির মাটির বাড়িতে নেমে এসেছে দুর্যোগের ঘন মেঘ।
শনিবার পর্যন্ত নীতিশবাবুর দেহ এসে পৌঁছায়নি বাড়িতে। দেহ ফেরানোর উদ্যোগ নিয়েছেন বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। শনিবার রাতে বা রবিবার দেহ আসতে পারে। অসহায় পরিবারটির কি হবে? সেই প্রশ্নই এখন বড়ো হয়ে উঠছে। শনিবার শুকনো মুখে বাড়ির দাওয়ায় বসেছিলেন নগেনবাবু। তাঁর শরীর জীর্ণ, গালে অযত্নের দাড়ি। বলেন, ‘বাবাকে জঙ্গিরা খুন করেছে। সেটুকুই শুনেছি। আমার আর বোনের ভবিষ্যৎ কি হবে জানি না।’ ভবিষ্যৎ জানেন না দীপাদেবীও। তিনি কথা বলতে চাননি। বিধায়ক স্বরাজবাবু বলেন, ‘আমরা ওই পরিবারের পাশে থাকব।’ জানা গিয়েছে, মণিপুর-অসমে ট্রাক চালাতেন নীতিশবাবু। ট্রাকটির তাঁর ভাই অংশু দাস কিনে দিয়েছিলেন। সেই টাকা এখনও শোধ হয়নি। এসসিআই গোডাউন থেকে পণ্য সরবরাহ করতে মণিপুরে গিয়েছিলেন নীতিশ। জঙ্গিদের গুলিতে নীতিশবাবুর রক্তাক্ত শরীর লুটিয়ে পড়ে চালকের আসনে।