• কামারহাটিতে ভাঙল পুরানো বাড়ি, জখম ১
    বর্তমান | ৩১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার দুপুরে কামারহাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ঠাকুর দাস চট্টোপাধ্যায় রোডে একটি বহু প্রাচীন বাড়ির সামনের দিকের অংশ ভেঙে পড়ে। উল্লেখ্য, ওই বাড়ির একতলায় একটি পোস্ট অফিস রয়েছে। ৫০ বছর ধরে এই পোস্ট অফিসটি চলছে। ঘটনাটি যখন ঘটেছে, তখন সেখানে কাজ করছিলেন কর্মীরা। হুড়মুড় করে বিল্ডিংয়ের ওই অংশ ভেঙে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। পরে স্থানীয় লোকজনই তাঁদের উদ্ধার করেন। পোস্ট অফিসের এক কর্মী রোহন মজুমদার পায়ে চোট পেয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বাড়িটি প্রায় দেড়শো বছরের পুরানো হলেও সেটি সংস্কার না হওয়ায় ক্রমশ ভগ্নদশায় পরিণত হয়েছিল। এদিন ওই বাড়ির পিছনের কিছুটা অংশও ভেঙে পড়ে। মলিকপক্ষকে বহুবার মেরামত করার কথা বলা হলেও তাঁরা তা করেননি। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরানগরের ৩৩ নম্বর ওয়ার্ডের বরানগর মঠ সংলগ্ন এলাকায় বহুদিন ধরেই একটি গাছ নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার বিকালে কালবৈশাখী ঝড়ে সেই গাছটি ভেঙে পড়ে। যার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাছটি ঝড়ের দাপটে ভেঙে পড়ায় একটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের খবর নেই। বাড়িটির একটি ব্যালকনি ভেঙে পড়েছে বলে পরিবারের লোকজনের দাবি। ঘটনার পর বরানগরের বিধায়ক সজল ঘোষ ফোন করে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। ওইদিনের ঝড়ে বরানগরে আরও কয়েকটি গাছ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)