‘বহিরাগতদের’ হাতে হেনস্তা তৃণমূলকে দুষছেন কাউন্সিলাররা
বর্তমান | ৩১ মে ২০২৬
সংবাদদাতা, বজবজ: বিজেপি তকমাধারী ‘বহিরাগতদের’ বাধায় শুক্রবার বজবজ পুরসভার মাসিক অধিবেশন ভেস্তে যায়। কাউন্সিলারদের ঢুকতে দেওয়াই হয়নি বলে অভিযোগ। সেই সঙ্গে তাঁদের যথেচ্ছ হেনস্তা করা হয়। বজবজ পুরসভার সুদীর্ঘ ইতিহাসে জনপ্রতিনিধিদের হেনস্তা, মারধরের ঘটনা আগে কখনও ঘটেনি বলেই জানাচ্ছেন প্রবীণ কাউন্সিলাররা। তবে এই পরিস্থিতির জন্য কাউন্সিলাররা তাঁদের দল তৃণমূলকেই কার্যত দুষছেন। এলাকার তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গির খানকে কাঠগড়ায় তুলছেন তাঁরা। শুক্রবার পুরসভার তৃণমূল কাউন্সিলারদের যাঁরা বাধা দিয়েছিলেন, তাঁদের দাবি ছিল ‘এই জনপ্রতিনিধিরা বৈধ নন’! তাঁদের এই দাবির অন্যতম কারণ, বজবজ পুরসভায় নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে মনে করেন তাঁরা। সেই সময় মূলত পর্যবেক্ষকের দাপটই বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস পুরভোটে প্রার্থীই দিতে পারেনি। বর্তমানে বেপাত্তা পাঁচ কাউন্সিলার বিরোধী দলের কাউকে ঘর থেকে বেরতেই দেননি বলে অভিযোগ। ফলে তৃণমূলকে একতরফা বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই জয়কে কোনোভাবে বৈধ জয় বলা যায় না বলেই দাবি ওই বাধাদানকারীদের। তৃণমূলের এক জেলা নেতা বলেন, ‘এই গোটা প্রক্রিয়ার পরিকল্পনা ও বাস্তবায়ন হয়েছিল পর্যবেক্ষক জাহাঙ্গির খানের নেতৃত্বে। এই সন্ত্রাস তৈরির জন্য তিনি পাঁচজন ক্রিমিনালকে প্রার্থী করেছিলেন। তাঁরা পরবর্তী ধাপে কাউন্সিলার হলেও জাহাঙ্গিরের অঙ্গুলিহেলনে গোটা পুরসভা এলাকায় সিন্ডিকেট, পুকুর ভরাট, বেআইনি বাড়ি, কলকারাখানা থেকে তোলা আদায়ের মতো কাজে সরাসরি যুক্ত ছিল। এসব নিয়ে জনগণের মধ্যে অসন্তোষও ছিল। সেই কারণেই শুক্রবার ওই পরিস্থিতি তৈরি হয়।’