• আবহাওয়ার ফের ‘মুড সুইং’! তাহলে কি বৃষ্টির ইতি এখানেই?
    এই সময় | ৩১ মে ২০২৬
  • দিন কয়েক স্বস্তি দিয়ে ফের ভোলবদল আবহাওয়ার। তবে কি আবার গরমে হাঁসফাঁস অবস্থা হতে চলেছে দক্ষিণবঙ্গে— এই প্রশ্নই এখন মাথা চারা দিচ্ছে সকলের মনে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েক দিনের বৃষ্টিতে তাপমাত্রা কমেছিল উল্লেখযোগ্য ভাবে। কিন্তু রবিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে দিনের তাপমাত্রা। যার জেরে জুন মাসের প্রথম দিন থেকেই বাড়তে পারে গরম।

    রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদ। তবে বেলার দিকে শহরের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা, ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

    আজ, রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের উল্লেখযোগ্য ভাবে বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে উত্তরবঙ্গেও কমবে থেকে বৃষ্টির পরিমাণ। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির নতুন দফা শুরু হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

  • Link to this news (এই সময়)