জুনের প্রথম সপ্তাহে দক্ষিণে চড়বে পারদ? উত্তরে শুরু প্রাক বর্ষার বৃষ্টি!
প্রতিদিন | ৩১ মে ২০২৬
সাময়িক স্বতির পরই দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল! আজ, রবিবার থেকে বাড়বে দক্ষিণের তাপমাত্রা। জুনের প্রথম সপ্তাহেই চড়বে পারদ তাপমাত্রা স্বাভাবিকের উপরে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জুন মাসের ৫ তারিখ পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। উলটে গরম ও অস্বস্তি বাড়বে।
এ দিন পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। এ ছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার দুপুর থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে! আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা, ৩৩.৩ ডিগ্রির মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদলও হলেও উত্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জুনের প্রথম সপ্তাহে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। আজ ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং বুধবার উপরের পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।