ব্যান পিরিয়ডে ভয়ঙ্কর কাণ্ড পাথরপ্রতিমায়! ৬৩ কনটেইনার-সহ ট্রলার দেখে থ স্থানীয়রা, ছুটে এল পুলিশ
News18 বাংলা | ৩১ মে ২০২৬
: ব্যান পিরিয়ডের মধ্যেও মাছ ধরতে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পাথরপ্রতিমায়। এই ঘটনায় আটক করা হয়েছে ট্রলারটিকে। ব্যান পিরিয়ডের মধ্যে কীভাবে ট্রলার নিয়ে নিয়ম লঙ্ঘন করে মাছ ধরতে যাওয়া হল তা খতিয়ে দেখছে পুলিশ। ট্রলারটিতে মাছ বোঝাই ৬৩ টি কনটেইনার ও আটটি ক্যারেট ছিল বলে সূত্রের খবর। সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি থাকলেও দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার রামগঙ্গা ঘাট সংলগ্ন এলাকায় গভীর রাতে ট্রলারভর্তি মাছ কীভাবে এল তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রথমে গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা একটি মাছবোঝাই ট্রলারকে আটক করেন। অভিযোগ, ব্যান পিরিয়ড চলাকালীন এত বিপুল পরিমাণ মাছ কোথা থেকে এল এবং কারা তা নিয়ে আসছিল, তা নিয়ে সন্দেহ দেখা দেয়। এরপর বন দফতর ও পাথরপ্রতিমা থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাথরপ্রতিমা থানার পুলিশ। ট্রলারের মাঝি-সহ দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। প্রাথমিক তদন্তে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ সংগ্রহ ও পরিবহনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।