• বীরভূমে বালি ব্যবসায়ীর ডেরায় পুলিশের মেগা রেইড! উদ্ধার হাফ কোটি নগদ-আধ কেজি সোনা, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
    News18 বাংলা | ৩১ মে ২০২৬
  • : বালি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ ছানাবড়া খোদ পুলিশ কর্তাদেরই। ঘর থেকে উদ্ধার হল থরে থরে সাজানো প্রায় হাফ কোটি টাকা, আর আধ কেজি সোনার গয়না। শুক্রবার রাতে বীরভূমের মহম্মদবাজার ব্লকের রাজ্যধরপুর গ্রামে এই বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে দীর্ঘদিনের বালি ব্যবসায়ী লগন শেখের বাড়ি ও অফিস সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ বেআইনি টাকা মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতেই শুক্রবার রাতে মহম্মদবাজার থানার পুলিশ ওই গ্রামে লগন শেখের বাড়ি ও অফিসে এক যৌথ অভিযান চালায়। আচমকা এই হানায় উদ্ধার হয় নগদ ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ৫০২ গ্রাম সোনার গহনা।

    উদ্ধার হওয়া এই বিপুল অর্থ ও সোনার পক্ষে কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই সামিম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত লগন শেখ-সহ আরও দুজন বর্তমানে পলাতক। তাদের খোঁজে এলাকায় জোরকদমে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

    ঘটনার পর আজ, শনিবার ধৃত সামিম শেখকে সিউড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই বিপুল পরিমাণ টাকা ও সোনার আসল উৎস কী, এবং এর পিছনে কোনও বড়সড় বালি মাফিয়া চক্র বা অন্য কোনও কালো টাকা পাচারের যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)